দোহারে জেএমবির চার সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলার দোহারের বিভিন্ন এলাকায় গত দুই দিন অভিযান চালিয়ে নব্য জেএমবির চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যা ব। তাঁদের মধ্যে একজন তিন দিন আগে বাসা থেকে নিখোঁজ হন। তাঁরা জেএমবির ‘সারোয়ার-তামিম গ্রুপে’র সদস্য। তাঁদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি বই ও দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে র্যা বের কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যা ব-১০-এর পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া চারজন হলেন মিজবাহ (১৯), মাহফুজ (১৬), তাইবুর রহমান (১৮) ও ফয়সাল আহমেদ (১৯)। মিজবাহ ঢাকার নবাবগঞ্জ সোনা হাজরা মাদ্রাসার ছাত্র ও তাঁর ভাই মাহফুজ ওই এলাকার জয়পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। তাইবুর মাদ্রাসায় পড়েন। ২৬ মার্চ ফয়সাল কেরানীগঞ্জের বাসা থেকে নিখোঁজ হয়েছিলেন। এ ঘটনায় পরদিন তাঁর মা কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বাড্ডা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ওই চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ২০ মার্চ র্যা ব রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই প্রকৌশলীসহ জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় বাড্ডা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলা তদন্ত করতে গিয়ে র্যা ব জানতে পারে, ফয়সালের মতো অনেক জঙ্গি বাসা ছেড়ে ঢাকা জেলার কেরানীগঞ্জ ও দোহারের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আছে। তারা সংগঠিত হয়ে নাশকতা করে সংগঠনকে চাঙা করার পরিকল্পনা করছে।
র্যা বের এই পরিচালক আরও বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে র্যা ব দোহারের মৌড়া এলাকার একটি বাসা থেকে মিজবাহ ও তাঁর ভাই মাহফুজকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই বাসা থেকে জঙ্গি প্রশিক্ষণ ও যোগাযোগকাজে ব্যবহৃত একটি ল্যাপটপ এবং বিছানার নিচ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।
জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, মিজবাহর কাছ থেকে তথ্য নিয়ে জেএমবির আরেক সদস্য তাইবুর রহমানকে মঙ্গলবার সন্ধ্যায় দোহারের নারিশা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল ভোর ছয়টার দিকে দোহারেরর জজপাড়ার ভাড়া বাসা থেকে ফয়সাল আহমেদ ওরফে সানিলকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে জিহাদি বই উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে র্যা বের পরিচালক বলেন, গ্রেপ্তারকৃত চারজনই জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের মুঠোফোন পরীক্ষা করে জেএমবির পলাতক সদস্যদের সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তাঁরা ইন্টারনেটের মাধ্যমে সংগৃহীত আরবি ভাষায় লেখা বিভিন্ন উগ্রবাদী মতাদর্শ বাংলায় অনুবাদ করে ছড়িয়ে দিতেন।