দোহারে দুই বাড়িতে ডাকাতি, সোনারগাঁয়ে গাড়িতে ছিনতাই
ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা গ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকায় একটি মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে তারা চারজনকে কুপিয়ে আহত করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে দোহারের শিলাকোঠা গ্রামের তসিমুদ্দিন মণ্ডলের বাড়িতে ১৪-১৫ জনের একদল ডাকাত হানা দেয়। তারা বাড়ির কলাপসিবল গেট ভেঙে ঘরে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে এক ভরি স্বর্ণালংকার, একটি রঙিন টেলিভিশন এবং পাঁচ হাজার টাকা লুট করে। বাড়ির লোকজন চিৎকার করলে গুলিবর্ষণ ও বোমা ফাটিয়ে ডাকাত দল পালিয়ে যায়।
এ ছাড়া গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে একই গ্রামের প্রবাসী ওহাব শিকদারের বাড়িতে ১৭-১৮ জনের ডাকাত দল প্রবেশ করে। তারা ঘরের দরজা ভেঙে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে দুই ভরি স্বর্ণালংকার ও ১৬ হাজার টাকা লুট করে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ করেনি।
এদিকে সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকায় মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এতে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দৈকামতা গ্রামের বাসিন্দা মনির হোসেন দুবাই থেকে ফিরে মাইক্রোবাসে করে গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের টিপুরদী এলাকায় পৌঁছালে ১০-১২ জনের একটি দল চাপাতি, চাকু, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে গাড়িটির গতিরোধ করে ভাঙচুর চালায়। এ সময় তারা ১২টি মুঠোফোন সেট, ২০ হাজার টাকা, স্বর্ণালংকার, ২টি পাসপোর্ট, কাগজপত্রসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে। ছিনতাইকারীদের হামলায় দুবাই প্রবাসী মনির হোসেন, তাঁর বাবা সিরাজুল ইসলাম, ভাই মোবারক হোসেনসহ চারজন আহত হন। তাঁদের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম ওবায়দুল হক বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ এসেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।