দোহারে পরাজিত প্রার্থীর ভাই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত ইউপি সদস্য প্রার্থী আলাল মাতবরের ভাই জালাল মাতবর (৬৫) নিহত হয়েছেন। বিজয়ী ইউপি সদস্য আবুল হোসেনের সমর্থকদের হামলায় তিনি নিহত হন বলে অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে পূর্বচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৪ জন আহত হয়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম জানান, বিজয়ী ইউপি সদস্য ও পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থীর পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই জালাল মাতবর টেঁটাবিদ্ধ হয়ে মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আটক করা হয়েছে আটজনকে। অন্যদের ধরতে অভিযান চলছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বিলাশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য আবুল হোসেনের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি একই ওয়ার্ডের পরাজিত প্রার্থী আলাল মাতবরের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। অভিযোগ উঠেছে, ওই সময় মিছিল থেকে কয়েকজন লোক হঠাৎ করে আলাল মাতবরের বাড়িতে হামলা চালায়। হামলায় আলাল মাতবরের ভাই জালাল মাতবর টেঁটাবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ১৪ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত বিলাল হোসেন, মো. শাকিব ও মো. মিজানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পেয়ে দোহার থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। তারা এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
নিহত জালাল মাতবরের পুত্রবধূ নুরজাহান বেগম অভিযোগ করেন, বিকেলে আবুল হোসেনের সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে হামলা চালিয়ে তাঁর শ্বশুরকে হত্যা করে। এ সময় সন্ত্রাসীরা পরিবারের অন্য ওপর হামলা করে ব্যাপক মারধর করে। এ ব্যাপারে জানতে আবুল হোসেনের বাড়িতে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ও তাঁর পরিবারের কাউকে পাওয়া যায়নি।
ওসি শেখ সিরাজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।