দোহারে ফুটপাত হকারদের দখলে
ঢাকার দোহার উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়ার সড়কগুলোর অধিকাংশ ফুটপাত হকারদের দখলে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।
জানা যায়, জয়পাড়াকে ঘিরে লটাখোলার করম আলীর মোড় থেকে শুরু করে লটাখোলা নতুন বাজার, জয়পাড়া ব্রিজ হয়ে থানার মোড় পর্যন্ত পৌরসভার রাস্তা ও ফুটপাতগুলো দখল করে হকাররা ছোট ছোট দোকান বসিয়েছেন। এসব দোকানে পণ্য সাজিয়ে বেচাবিক্রি চলছে।
জয়পাড়ায় শপিংমল, ক্লিনিক, থানা, উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টেলিফোন অফিস, বিদ্যুৎ অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানসহ হাটবাজার আছে। প্রতিদিনই নানা প্রয়োজনে দোহারের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে জয়পাড়ায়। এর মধ্যে প্রতি সোম ও বৃহস্পতিবার হাটবার থাকায় এলাকায় মানুষের ব্যস্ততা বহুগুণ বেড়ে যায়। হকারদের ঠেলে গন্তব্যে পৌঁছাতে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। একদিকে ফুটপাত দখল, অন্যদিকে ব্যাটারিচালিত যান রেখে রাস্তা দখল করায় জয়পাড়ায় পথচারীদের কষ্টের শেষ নেই। উপজেলার অনেকে বিদেশে থাকায় ব্যাংকপাড়াসহ অফিস-আদালতে ভিড় বেশি থাকে। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও পড়তে হচ্ছে বিড়ম্বনায়। ভিড়ের মধ্যে গা ঘেঁষাঘেঁষি করে চলার সময় অনেকের টাকাপয়সাসহ মূল্যবান কাগজপত্র খোয়া যাওয়ার ঘটনা ঘটছে হরহামেশাই। প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে হকার উচ্ছেদে অভিযান চালানো হলেও কয়েক দিন পর পরিস্থিতি আগের মতো হয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, অধিকাংশ হকারকে বসান দোকানের মালিকেরা। তাঁরা হকারদের কাছ থেকে প্রতিদিন ভাড়া নিয়ে থাকেন। জয়পাড়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মো. শিহাব শিকদার বলেন, ‘হকারদের কারণে ফুটপাত ছেড়ে রাস্তায় হাঁটতে হয় আমাদের। ফলে দুর্ঘটনার ঝুঁকি থাকে।’ জয়পাড়া বাজারের ব্যবসায়ী আলমগীর বলেন, ফুটপাতের দোকানের কারণে লাখ লাখ টাকা ব্যয় করে বসানো দোকানে ক্রেতারা ঢুকছেন না। দ্রুত এসব হকারদের উচ্ছেদ করা উচিত।
জয়পাড়া বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, এর আগেও প্রশাসনকে বলে এসব ভ্রাম্যমাণ হকারদের উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু তাঁরা রাজনৈতিকভাবে তদবির করে আবারও বসেছেন।
দোহার পৌরসভার মেয়র আব্দুর রহিম মিয়া বলেন, বেশ কয়েকবার হকারদের উচ্ছেদ করা হয়েছে। এরপর পুনরায় হকাররা ফুটপাত দখল করে নেন। প্রয়োজনে আবার উচ্ছেদ করা হবে। তবে ফুটপাত দখলমুক্ত করতে সবার সহযোগিতা প্রয়োজন।