দৌড়ে বাসে উঠতে গিয়ে প্রাণ গেল শিশুর
যাত্রী ওঠা-নামার পর দৌড়ে চলন্ত বাসে ওঠার চেষ্টা করেন বাসচালকের সহকারী মনির হোসেন (১৩) নামের এক শিশু। এ সময় অসাবধানতায় পা পিছলে নিচে পড়ে যায় সে। বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মানিকগঞ্জ সদর উপজেলার মানিকগঞ্জ-বালিরটেক পুটাইল হাসলি এলাকায় গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
মনির হোসেন সদর উপজেলার হাসলি গ্রামের মোশারফ হোসেনের ছেলে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ ও চালক আবদুল আলিমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে বালিরটেক থেকে যাত্রী বোঝাই করে পল্লিসেবা পরিবহনের একটি বাস মানিকগঞ্জে আসছিল। সকাল সাড়ে নয়টার দিকে পুটাইল হাসলি মোড়ে যাত্রী ওঠা-নামার পর বাসটি মানিকগঞ্জের দিকে রওনা হয়। এ সময় চলন্ত বাসে দৌড়ে উঠতে গিয়ে বাসের দরজা থেকে পা পিছলে নিচে পড়ে যায় মনির। বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
মানিকগঞ্জ সদর থানার এসআই আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় নিহত মনিরের মা রেণু বেগম মামলা দায়ের করেছেন।