দৌলতখানে চেয়ারম্যান আটক, ইউএনও লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে গতকাল শনিবার জেলেদের চাল বিতরণের সময় চেয়ারম্যান ও সদস্য দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে ও দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ ছাড়া দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লাঞ্ছিত করাসহ ত্রাণের চাল আত্মসাৎ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চরপাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারেফ হোসেনকে আটক করা হয়েছে।

কমপক্ষে ২০ জন প্রত্যক্ষদর্শী ও ইউএনও কার্যালয় সূত্র জানায়, চরপাতা ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেনের সঙ্গে ইউপি সদস্যদের নির্বাচনের পর থেকেই বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে ইউপি সদস্যরা চেয়ারম্যানের বিরুদ্ধে দুবার অনাস্থা দেন। তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত শেষে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

এলাকাবাসী সূত্র আরও জানায়, বিরোধের কারণে ইউনিয়নবাসী সঠিক সময়ে কোনো সরকারি বরাদ্দ পাচ্ছেন না। জেলেদের চাল ছাড় না করায় চেয়ারম্যান এর আগে বাদী হয়ে আদালতে দুটি মামলা করেন। মামলায় ইউএনও, গুদাম কর্মকর্তা, উপজেলা ও জেলা খাদ্যনিয়ন্ত্রক এবং ইউপি সদস্যদের আসামি করা হয়। এরপর চাল ছাড় করা হয়। গত সোমবার থেকে ওই ইউনিয়নের জেলেদের মধ্যে চাল বিতরণ শুরু হয়। গতকাল শনিবার ষষ্ঠ দিনে চরপাতা ইউনিয়ন পরিষদে জেলেদের চাল বিতরণ শুরু হয়। এ সময় চেয়ারম্যান মোশারেফ হোসেনের পক্ষ এবং বিপক্ষের হেলাল উদ্দিনসহ পরিষদের ইউপি সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি ও পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ বাধে।

চরপাতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম উদ্দিন জানান, চেয়ারম্যান মোশারেফ হোসেনকে সরকার বহিষ্কার করেছে। তারপরও জোর করে চাল বিতরণের চেষ্টা করেন তিনি। পরিষদের ইউপি সদস্যদের চাল বিতরণ করতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের ১ ঘণ্টা সংঘর্ষে ১২ জন আহত হন।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, সংঘর্ষের একপর্যায়ে ইউএনও মো. কামাল হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু উল্টো ইউএনও ও চেয়ারম্যানের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে চেয়ারম্যান লাঠিসোঁটা নিয়ে ইউএনওর ওপর চড়াও হন। পরে দুজনের মধ্যে হাতাহাতি হয়। ইউএনওকে লাঞ্ছিত করার অভিযোগে চেয়ারম্যানকে আটক করা হয়।