দৌলতখানে ২০২টি মহিষ লুট ও রাখাল অপহরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের দুর্গম নেয়ামতপুর চরের ফিরোজ বাঘার বাথান থেকে ২০২টি মহিষসহ দুই রাখালকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার ভোররাতে এ হামলার ঘটনা ঘটেছে।
মহিষ বাথানের (যেখানে মহিষ বাস করে) মালিক মো. ফিরোজ বাঘা বলেন, ভোর চারটার দিকে ২৫-৩০ জন সশস্ত্র দুর্বৃত্ত বাথানের ২০২টি মহিষ লুট এবং রাখাল জসিম ও জামালউদ্দিনকে অপহরণ করেছে।
ফিরোজ বাঘা আরও জানান, দুর্বৃত্তরা তাঁর ৬৫টি, নুর নবীর ৩০টি, আনোয়ার হোসেনের ৪০টি, দুলালের ২২টি, সালাউদ্দিনের ১৩টি বড় মহিষসহ ছোট-বড় ২০২টি মহিষ লুট করেছে।
দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন বলেন, ‘মদনপুরের সঙ্গে নেয়ামতপুর চরের সীমানা বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দিন ওরফে নান্নু ডাক্তার ও জাফর পণ্ডিত এ ঘটনা ঘটিয়েছেন। আমরা মহিষ ও রাখালদের উদ্ধারের ব্যবস্থা নিচ্ছি।’
তবে মদনপুর ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন বলেন, ‘এ ঘটনার সঙ্গে জাফর পণ্ডিত ও মিন্টু মিয়া জড়িত। আমি কিছুই জানি না। আমি গণসংযোগে ব্যস্ত।’