দৌলতদিয়া যৌনপল্লি থেকে নারী উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ দৌলতদিয়া যৌনপল্লি থেকে গতকাল বুধবার এক নারীকে (২৭) উদ্ধার করেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
ওই নারী বলেন, ২০০১ সালে চাঁদপুর জেলা সদরে তাঁর বিয়ে হয়। ২০০৭ সালে স্বামীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে যায়। এর পর থেকে মা ও দুই ভাইকে নিয়ে ঢাকায় ঘুরে ঘুরে কাপড়ের ব্যবসা করতেন তিনি। ১৯ এপ্রিল বিশ্বরোড এলাকায় বাকিতে কাপড় বিক্রির টাকা সংগ্রহ করতে গিয়ে সাইফুল ইসলাম (৪২) নামের রাজবাড়ী সদরের এক লোকের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁকে ভালো বেতনে চাকরির প্রস্তাব দেন সাইফুল। এতে রাজি হলে তাঁকে ২২ এপ্রিল দৌলতদিয়ায় নিয়ে আসেন সাইফুল। এরপর তাঁকে যৌনপল্লির এক নারীর কাছে বিক্রি করা হয়। গতকাল সকালে এক লোকের মাধ্যমে তিনি বিষয়টি পুলিশকে জানান। দুপুরে গোয়ালন্দ ঘাট থানার এসআই নাজমুল হুদা তাঁকে উদ্ধার করেন। এ ঘটনায় রানী সূত্রধর (৩৮) ও আলেকজান ওরফে কালি বাড়িওয়ালিকে (৪৫) পুলিশ আটক করে।
এর আগে শনিবার সন্ধ্যায় যৌনপল্লি থেকে এক তরুণীকে (২৫) উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় দুলালী নামের এক বাড়িওয়ালিকে গ্রেপ্তার করা হয়।