দৌলতদিয়া যৌনপল্লি থেকে মা ও শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে গত শুক্রবার রাতে দেড় বছর বয়সী এক শিশু ও তার মাকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। এ ঘটনায় পুলিশ লাকী বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনার তেরখাদা উপজেলার দরিদ্র পরিবারের ওই মেয়ের (২০) প্রায় তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের এক বছর পর স্বামী তালাক দিয়ে চলে গেলে বাধ্য হয়ে তিনি ঢাকায় তাঁর বাবার কাছে চলে আসেন। অভাবের কথা ভেবে সেখানে চাকরির খোঁজ করতে থাকেন। গত জুলাই মাসে তিনি রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঘোরার সময় নাসিমা আক্তার ওরফে নাজমা বেগম নামের এক নারীর সঙ্গে পরিচয় হয়। নাজমা তাঁকে ফরিদপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরির প্রস্তাব দেন। তাঁর কথায় রাজি হলে ওই দিনই তাঁকে দৌলতদিয়ার যৌনপল্লিতে একটি বাড়িতে আটকে রাখা হয়। এরপর শিশুসন্তানটিকে আরেক বাড়িওয়ালি লাকী বেগমের কাছে বিক্রি করে দেন নাজমা। আর শিশুর মাকে দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসা করাতে থাকেন।
গতকাল শনিবার থানা হেফাজতে ওই নারী বলেন, কয়েক দিন আগে তিনি একজন খদ্দেরকে বিষয়টি তাঁর পরিবারের কাছে জানাতে বলেন। ওই নারীর বাবা শুক্রবার গোয়ালন্দ ঘাট থানা-পুলিশকে ঘটনাটি জানান। থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ রাতে যৌনপল্লিতে অভিযান চালান। এ সময় নাজমা পালিয়ে গেলেও তাঁর বাড়ি থেকে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। পরে লাকী বেগমের বাড়ি থেকে তাঁর সন্তানকে উদ্ধার করা হয়।
এসআই ফিরোজ আহম্মেদ জানান, এ ঘটনায় শুক্রবার রাতেই ওই নারীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাজমা বেগম এবং লাকী বেগমকে আসামি করে একটি মামলা করেছেন।