দৌলতদিয়ায় যৌনকর্মীকে নির্যাতন, তরুণী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে গতকাল বুধবার এক যৌনকর্মীকে পিটিয়ে গুরুতর জখম করেছেন এক বাড়িওয়ালি। এ ঘটনায় ওই বাড়িওয়ালিকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ওই যৌনপল্লি থেকে গত মঙ্গলবার এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, যৌনপল্লিতে এক যৌনকর্মীকে (২২) অমানুষিক নির্যাতন করছেন বাড়িওয়ালি—এ খবর পেয়ে গতকাল বুধবার সকালে পায়াক্ট বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থার কর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ সময় স্থানীয়রা বাড়িওয়ালি রোজী বেগমকে (৪৫) আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
ওই যৌনকর্মী বলেন, প্রায় এক মাস আগে সাদ্দাম নামের এক দালালের খপ্পরে পড়লে তিনি রোজীর কাছে তাঁকে বিক্রি করেন। এরপর থেকে বাড়িওয়ালির কথামতো কাজ না করলে তাঁকে নির্যাতন করা হয়। বাড়িওয়ালি ও তাঁর কথিত স্বামী এলেম খাঁ প্রায়ই তাঁকে লাঠি দিয়ে পেটাতেন।
মঙ্গলবার রাতে তাঁকে ঘরে আটকে লাঠি দিয়ে পেটান তাঁরা। গতকাল সকাল নয়টার দিকে আবার তাঁকে পেটানো হয়। এমনকি তাঁর ডান পায়ের হাঁটুর নিচে সুই ঢোকানো হয়।
রোজী বলেন, ‘এখানে আসার পর ওই যৌনকর্মী দুবার পালানোর চেষ্টা করেন। মঙ্গলবার রাতেও পালানোর চেষ্টা করলে মারধর করা হয়। তবে এত ক্ষতি হবে বুঝতে পারিনি।’
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আজিজুর রহমান খান বলেন, মেয়েটির শরীরজুড়ে জমাট বাঁধা রক্ত ও ফোলা জখম রয়েছে। এ ছাড়া তাঁর মাথায় সেলাই দেওয়া হয়েছে।
এদিকে ২ নভেম্বর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দরিদ্র পরিবারের এক তরুণীর সঙ্গে ঢাকার বিমানবন্দর এলাকায় সুমন নামের এক ব্যক্তির পরিচয় হয়।
পরে সুমন ফলের রসের সঙ্গে ওষুধ খাইয়ে যৌনপল্লির জোসনা নামের এক বাড়িওয়ালির কাছে তাঁকে বিক্রি করে দেন। গত সোমবার পল্লিতে গেলে এক ব্যক্তির কাছে তিনি উদ্ধারের আকুতি জানান। পরে ওই ব্যক্তি ঘটনাটি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই তরুণীকে উদ্ধার করে। এ সময় বাড়িওয়ালিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল প্রথম আলোকে বলেন, ওই দুটি ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে।