দৌলতদিয়া ক্যানালঘাটে গবাদিপশুর অবৈধ হাট
বাঁশের খুঁটি পুঁতে সারি সারি বেঁধে রাখা হয়েছে গবাদিপশু। ক্রেতা-বিক্রেতাসহ মানুষের ভিড়ে পা ফেলা দায়। হরদম চলছে গরু-ছাগল বেচাকেনা। হাটের সব আয়োজনই আছে এখানে। নেই কেবল খাজনাপাতির ঝামেলা। কারণ, এ হাটের কোনো প্রশাসনিক অনুমোদন নেই।
অবৈধ এই হাট বসছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানালঘাটে প্রতি শুক্র ও মঙ্গলবার সাতসকাল থেকে দুপুর পর্যন্ত। একটি চক্র দীর্ঘদিন ধরে এখান থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
স্থানীয় লোকজন ও ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ওই ক্যানালঘাটে রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, যশোরসহ বিভিন্ন এলাকা থেকে ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে প্রতি শুক্র ও মঙ্গলবার গবাদিপশু আসে। মূল উদ্দেশ্য সেখান থেকে ট্রলারে করে মানিকগঞ্জের আরিচায় গবাদিপশুর হাঁটে নিয়ে যাওয়া। আরিচায় সপ্তাহে ওই দুই দিন হাট বসে। ক্যানালঘাটের বিরাট একটা জায়গাজুড়ে বাঁশের খুঁটি পুঁতে হাটের আদলে গবাদিপশু বেঁধে রাখা হয়। এই ফাঁকে হরদম চলতে থাকে পশু বেচাকেনা। গৃহস্থ ও ব্যবসায়ীরা সকাল থেকে জড়ো হয়ে গবাদিপশু বেচাকেনা শুরু করেন।
সরেজমিনে দেখা যায়, ক্যানালঘাট এলাকায় মহাসড়কের সঙ্গে মাটির উঁচু ঢিবি তৈরি করা। দূর-দূরন্ত থেকে আসা ট্রাকগুলো ওই ঢিবির সঙ্গে ভিড়িয়ে পশু নামানো হচ্ছে। সড়কের পশ্চিমে নদীর তীরে বাঁশের সঙ্গে বেঁধে রাখা আছে কয়েক শ গরু-ছাগল। সেখানে ক্রেতা-বিক্রেতা ও ব্যাপারীদের উপচে পড়া ভিড়।
ঝিনাইদহ থেকে আসা গরু ব্যবসায়ী কালাম ব্যাপারী বলেন, ‘ছয়টি ষাঁড় গরু এনেছিলাম। এখানে একটি ৫৬ হাজার টাকায় বিক্রি করেছি। বাকি পাঁচটি ট্রলারে নিয়ে আরিচায় যাচ্ছি।’
ক্রেতা-বিক্রেতারা জানালেন, এই হাটের বড় সুবিধা হলো কোনো খাজনা দিতে হয় না। উপজেলার গেন্দু ব্যাপারীপাড়ার দম্পতি রেহেনা পারভীন ও কেরামত আলী বললেন, তাঁরা ৪৮ হাজার টাকায় একটি ষাঁড় কিনেছেন। কোনো খাজনা দিতে হয়নি। হাঁট থেকে কিনলে ২-৩ হাজার টাকা লাগত।
রাজবাড়ী থেকে গরু কিনতে এসেছিলেন স্কুলশিক্ষক আরশাদ মণ্ডল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজস্ব ফাঁকি দিয়ে এভাবে পশু কেনাবেচা ঠিক নয়।
ক্যানালঘাট থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া মিনি পার্কিং ইয়ার্ডের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। কিন্তু কাসেম সরদার নামের একজনকে ওই ইয়ার্ডের রসিদ দিয়ে গাড়ি থেকে টাকা ওঠাতে দেখা গেল। তিনি ট্রাক থেকে ৫৮ টাকা, বড় গাড়ি থেকে ৪৬ টাকা, ছোট ট্রাক থেকে ৩৫ টাকা ও নসিমন (ভটভটি) থেকে ২০ টাকা করে আদায় করছিলেন। জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে কর্তৃপক্ষ রসিদ দিয়ে টাকা আদায় করতে বলেছে, তাই করছি। এর বাইরে কিছুই বলতে পারব না।’
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা ও উপপরিচালক শেখ মো. সেলিম রেজা বলেন শুধু ইয়ার্ডে দাঁড়ানো গাড়ি থেকে নির্ধারিত রসিদের বিনিময়ে অর্থ আদায়ের কথা। অন্য কোনো স্থান থেকে টাকা নেওয়া সম্পূর্ণভাবে অবৈধ। এ বিষয়ে খোঁজখবর নিয়ে তিনি ব্যবস্থা নেবেন।
মাটির ঢিবি বানিয়ে গরু নামানোর ব্যবস্থার জন্য স্থানীয় শফি সরদার গাড়িপ্রতি ২০ টাকা করে তুলছিলেন। তিনি বলেন, ‘আমরা স্থানীয় কয়েকজন মিলে এভাবে মাটি উঁচু করে গরু নামানোর ব্যবস্থা করেছি। এ জন্য টাকা আদায় করছি।’
আর আকারভেদে প্রতিটি ট্রলার থেকে ৪০-৫০ টাকা আদায় করছিলেন স্থানীয় লাবলু ব্যাপারী। তিনি বলেন, ব্যাপারীদের ট্রলার ভাড়া করে দেওয়াসহ তাঁদের গবাদিপশু আমরা দেখে রাখি। আদায়কৃত টাকা আমরা চার-পাঁচজন ভাগ করে নিই।’
সার্বিক বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ প্রথম আলোকে বলেন, উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া এভাবে হাট বসানো সম্পূর্ণ অবৈধ। এ ছাড়া বিভিন্ন উপায়ে টাকা আদায় করাও বেআইনি। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।