দৌলতদিয়া থেকে গ্রেপ্তার ৯ মাদকসেবীর ৬ মাস করে কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গতকাল রোববার সন্ধ্যায় ৯ মাদকসেবীকে গ্রেপ্তার করে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আবদুল্লাহ সাদীদ।
ভ্রাম্যমাণ আদালত ও র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, গতকাল বিকেলের দিকে র্যাবের একটি দল দৌলতদিয়া যৌনপল্লি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় হাতেনাতে তারা নয় মাদকসেবীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন দিনাজপুরের ঘোনারঘাট উপজেলার আল আমিন (৩৬), ফরিদপুর গোয়ালচামট এলাকার আবু বক্কর ব্যাপারী (৪৫), পাবনার চাটমোহর উপজেলার দিসুনাথ ঋষি (৪২), ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সুজন কুমার (২৮), পাবনার বোনাইনগর এলাকার শচীন ঋষি (৩৮), রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রতন শেখ (৩৪), রাজবাড়ী শহরের বিনোদপুর রেল কলোনির আনোয়ার হোসেন (৩৪), মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শহিদুল ইসলাম (২৭) ও ঘিওর উপজেলার রাজু মিয়া (২৪)। এ সময় তাঁদের কাছ থেকে ৩৫টি ইয়াবা বড়ি ও বিপুল পরিমাণ মাদক-উপকরণ উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আবদুল্লাহ সাদীদ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ মোতাবেক ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া উদ্ধারকৃত ইয়াবা ও মাদকদ্রব্য গ্রহণের উপকরণ পুড়িয়ে ধ্বংস করা হয়।