দৌলতদিয়ায় গুলির শব্দ, অস্ত্রসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি এলাকায় গত সোমবার রাতে গুলির শব্দে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে পল্লির ভেতর থেকে অস্ত্র, গুলিসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন কেউটিল গ্রামের ওমর কাজী (২৪) ও কুঠি পাচুরিয়া গ্রামের জয়নাল শেখ (২২)। গতকাল মঙ্গলবার তাঁদের রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) এস এম মনিরুজ্জামান বলেন, সোমবার রাত সাড়ে দশটার দিকে ঘাট এলাকায় কর্তব্যরত থাকা অবস্থায় তিনি যৌনপল্লি এলাকায় গুলির শব্দ শুনতে পান। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ রাত পৌনে এগারোটার দিকে পল্লির ভেতর অভিযান চালায়। এ সময় ওই দুই তরুণ দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাঁদের ধরে দেহ তল্লাশি করে একটি দেশীয় ওয়ান শুটারগান, চায়নিজ রাইফেলের তিনটি গুলি, একটি পিস্তল ও চায়নিজ এসএমজির একটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

থানা হেফাজতে ওমর কাজী বলেন, ঢাকার পোশাক কারখানায় তিনি কাজ করেন। ঈদের ছুটিতে বাড়ি এসেছেন। পূর্বপরিচিত জয়নালের কথায় তাঁর সঙ্গে যৌনপল্লিতে যান। তাঁর কাছে পুলিশ কোনো অস্ত্র পায়নি।