দৌলতপুর উপজেলা যুবলীগের সম্মেলন, মঞ্চে ওসি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ (স্বতন্ত্র) ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল হক চৌধুরী।
দৌলতপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাংসদের ভাই বুলবুল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুন, জেলা যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম প্রমুখ। এ সময় মঞ্চে প্রথম সারিতে অতিথিদের সঙ্গে বসে ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবির।
এদিকে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে সহস্রাধিক মানুষের সমাগম ও মাইকের উচ্চ শব্দে উপজেলা পরিষদের কর্মকর্তাদের দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটে।
সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগের নেতা-কর্মীরা উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন। খণ্ড খণ্ড মিছিলে শিশু-কিশোরদেরও আসতে দেখা যায়। দুপর ১২টায় ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন সাংসদ রেজাউল ইসলাম। এরপর মূল মঞ্চে তিন সারিতে আমন্ত্রিত অতিথিরা বসেন। সেখানে মঞ্চের সামনে প্রধান অতিথির কয়েকটি চেয়ার পরেই ওসি বসে ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য না দিলেও সম্মেলনের প্রথম অধিবেশনের আড়াই ঘণ্টা তিনি মঞ্চে বসে অতিথিদের বক্তব্য শোনেন।
বেলা আড়াইটায় অধিবেশন শেষে মঞ্চ থেকে ওসি নেমে এলে কয়েকজন নেতা তাঁর সঙ্গে সেলফিও তোলেন। এদিকে যুবলীগের সম্মেলনে মঞ্চে থানার ওসিকে দেখে অনেকে কানাঘুষা করতে থাকেন। বিষয়টি দৃষ্টিকটু বলেও মনে করেন কেউ কেউ।
উপজেলা পরিষদ চত্বরে সম্মেলন হওয়ায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের কাজ করতে বিরক্তবোধ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, মাইকের উচ্চ শব্দে অফিসে কাজে মনোযোগ দিতে না পারায় বাইরে ছিলেন তিনি। বেলা আড়াইটার পর অফিসে বসেন।
রাজনৈতিক মঞ্চে অতিথি হয়ে থাকার ব্যাপারে জানতে চাইলে দৌলতপুর থানার ওসি আহম্মেদ কবির বলেন, ‘ভাই, আমাদেরও তো নিরাপত্তা দিতে হয়। বলা তো যায় না কখন কী ঘটে যায়। আর আমি মঞ্চে শুধু বসে ছিলাম, কোনো বক্তব্য দিইনি।’
বিকেলে দ্বিতীয় অধিবেশনে বুলবুল আহমেদ চৌধুরীকে সভাপতি ও আবদুল কাদেরকে সাধারণ সম্পাদক করে যুবলীগের কমিটি ঘোষণা করা হয়।