দৌলতপুরে ইজারা নিয়ে খালে পাকা স্থাপনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগ​েঞ্জ​র দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নে ইজারার শর্ত অমান্য করে সড়কের পাশে খালের জায়গায় পাকা ​স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ছবিটি গত ২৯ জানুয়ারি তোলা l প্রথম আলো
মানিকগ​েঞ্জ​র দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নে ইজারার শর্ত অমান্য করে সড়কের পাশে খালের জায়গায় পাকা ​স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ছবিটি গত ২৯ জানুয়ারি তোলা l প্রথম আলো

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নে ইজারার শর্ত ভেঙে খাল ভরাট করে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এ ঘটনায় নির্মাণকাজ বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসী ও ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর এলাকায় ধলেশ্বরী নদী থেকে একটি খাল উপজেলা সদরের দৌলতপুর পর্যন্ত প্রবাহিত হয়েছে। কৃষক ও ব্যবসায়ীরা বর্ষাকালে এ খাল দিয়ে নৌকায় করে বিভিন্ন মালামাল উপজেলা সদরে আনা-নেওয়া করেন। প্রায় তিন মাস আগে উপজেলা সদরের দৌলতপুর-সমেতপুর সড়কের পাশে দৌলতপুর বাসস্ট্যান্ডের কাছে ওই খালের ১১ শতক খাসজমি ২২ জনকে এক বছরের জন্য ইজারা দেওয়া হয়। ইজারার শর্ত অনুযায়ী, আমিনুর রহমান, বাবুল হোসেন, আলমগীর হোসেন, মতিউর রহমান, জুলফিকার হোসেন, দেলোয়ারা দোলেন, চান্দু মিয়া, আজাদ হোসেন, শহিদুল ইসলাম, আমোদ আলী ও আবদুল হালিমসহ ২২ জনের ওই জায়গায় কাঁচা ঘর নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য করার কথা। কোনোভাবেই খাল ভরাট করা যাবে না। কিন্তু ইজারাদারেরা খাল ভরাট করে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করছেন।
গত ২৯ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, দৌলতপুর-সমেতপুর খালের ওপর পিলার তুলে আরসিসি মেঝে ঢালাই করা হয়েছে। পাকা ঘর নির্মাণের জন্য সেখানে ইট ও রড রাখা হয়েছে। এ ঘটনায় ১ ফেব্রুয়ারি স্থানীয় বাসিন্দা আলী হায়দার, হাবিবুর রহমান ও তোফায়েল আহমেদ পাকা স্থাপনা নির্মাণ বন্ধে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। এতে তাঁরা উল্লেখ করেন, আইন অনুসারে খাল-বিল ও নদী-নালার খাসজমি পেরি-ফেরিভুক্ত করা যায় না। কিন্তু উপজেলা সদরের বাজারের পাশে সরকারি খালের জায়গা বাজারের পেরি-ফেরিভুক্ত (অন্তর্ভুক্ত) করা হয়েছে। এ ছাড়া বন্দোবস্ত পাওয়া জায়গার বেশি ইজারাদারেরা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছেন।
যোগাযোগ করলে আমিনুর রহমান, মতিউর রহমান ও আমোদ আলী বলেন, বন্দোবস্ত পাওয়া জায়গাটি রাস্তার পাশে হওয়ায় ঢালু। মাটি ফেললে তা ধসে যায়। এ কারণে খালের নিচু স্থান থেকে পিলার তুলে মেঝে বানানো হয়েছে। এরপর টিনের ঘর নির্মাণ করা হবে।
চকমিরপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) আনিসুর ইসলাম আনসারী বলেন, বন্দোবস্ত পাওয়া ব্যক্তিরা শর্ত ভঙ্গ করে সেখানে স্থাপনা নির্মাণ করছেন। এতে বাধা দিলেও তাঁরা মানছেন না। এ বিষয়ে তিনি উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেন।
ইউএনও কানিজ ফাতেমা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বন্দোবস্ত পাওয়া ব্যক্তিরা শর্ত ভঙ্গ করায় সেখানে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।