দৌলতপুরে বিদ্যালয়ে হামলায় শিক্ষকসহ আহত ৪
কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যালয় চলাকালে হামলা চালিয়ে শিক্ষক ও তিন ছাত্রকে মারধর করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় নয়ন নামের একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলো শিক্ষক মাজহারুল ইসলাম (৪০); ছাত্র রনি (১৪), জয় (১৫) ও রাব্বানী (১২)। তাদের মধ্যে মাজহারুল ইসলামকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নয়নের সঙ্গে নবম শ্রেণির ছাত্র রনির মোটরসাইকেল নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে সকালে নয়ন ও তার সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয় চলাকালে রনির ওপর হামলা চালায়। এ সময় শিক্ষকেরা প্রতিবাদ করলে তারা বেপরোয়াভাবে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। এতে শিক্ষকসহ চারজন আহত হয়। স্থানীয় ব্যক্তিরা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। দৌলতপুর থানার ওসি আহম্মেদ কবীর হোসেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।