দৌলতপুরে শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আলী জিন্নাহকে গতকাল মঙ্গলবার পিটিয়ে আহত করা হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রায় চার বছর ধরে আলী জিন্নাহ ওই বিদ্যালয়ে খণ্ডকালীন সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। তবে স্থানীয় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি জিন্নাহকে বাদ দিয়ে নিয়োগ কমিটির সদস্যদের কাছে তাঁর পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার দাবি জানান। এ নিয়ে জিন্নাহর সঙ্গে রফিকুলের বিরোধ চলছিল। গতকাল বেলা ১১টার দিকে শ্রেণিকক্ষে ঢোকেন চার-পাঁচ যুবক। তাঁরা তাঁকে (জিন্নাহ) শ্রেণিকক্ষ থেকে টেনে বের করে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে চলে যান। পরে তাঁকে উদ্ধার করে পাশের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বিষয়টি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পুলিশকে অবহিত করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।