দৌলতপুরে সাবেক সাংসদের গাড়িতে হামলা, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা এ বি এম আনোয়ারুল হকের গাড়িতে হামলা চালানো হয়েছে। গতকাল রোববার বিকেলে দৌলতপুর উপজেলা সদরে মতিলাল ডিগ্রি কলেজের সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা ইটপাটকেল ছোড়ে।
হামলায় গাড়ির কাচ ভেঙে যায়। তবে কেউ আহত হননি। এ ঘটনায় সিরাজ মোল্লা (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী কমিটি গঠন নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা শেষে আনোয়ারুল হক তাঁর ব্যক্তিগত গাড়িতে করে ঢাকার বাসার উদ্দেশে রওনা হন। বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা সদরের মতিলাল ডিগ্রি কলেজের মূল ফটকের সামনে দৌলতপুর-ঘিওর সড়কে তাঁর গাড়ি লক্ষ্য করে সাত-আট ব্যক্তি ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তাঁর গাড়ির সামনের কাচ ভেঙে যায়। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজন গাড়ি থেকে নেমে তাদের ধাওয়া দেয়। তাঁরা সিরাজ মোল্লা নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান গতকাল রাত সোয়া ১০টার দিকে বলেন, সাবেক সাংসদের গাড়িতে হামলার ঘটনায় তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) নাজমুল হুদা থানায় লিখিত অভিযোগ করেছেন। মামলার প্রস্তুতি চলছে। একজনকে আটকও করা হয়েছে।