দ্বন্দ্বের জেরে কৃষকের বসতঘরে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পারিবারিক দ্বন্দ্বের জেরে এক কৃষকের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে আধা পাকা বসতঘর পুড়ে গেছে। গত রোববার দড়িগাঁও আওড়াহাটি গ্রামে ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
গতকাল সোমবার দুপুরে ভুক্তভোগী কৃষক আয়নাল হক অভিযোগ করেন, প্রতিবেশী ফজলুল হকের পরিবারের লোকজন শত্রুতা করে এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, কয়েক দিন আগে ফজলুল হকের পুত্রবধূ জহুরা বেগমের সঙ্গে তাঁর স্ত্রী জুলেখা বেগমের কথা-কাটাকাটি হয়। পরে সেটা হাতাহাতি পর্যন্ত গড়ায়। ওই ঘটনার জেরে তাঁদের ঘরে আগুন লাগানো হয়েছে।
আয়নাল হকের স্ত্রী জুলেখা বেগম বলেন, রোববার রাতে তিনিসহ পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় তাঁর স্বামী বাসায় ছিলেন না। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখতে পান পাশের ঘরে আগুন লেগেছে। পরে প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে তাঁদের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে তাঁদের ঘরে থাকা প্রায় পাঁচ লাখ টাকা, ৩০ ভরির স্বর্ণালংকার, দলিলপত্র, আসবাবসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অভিযোগ অস্বীকার করে ফজলুল হক মুঠোফোনে বলেন, ‘আমি গত বৃহস্পতিবার থেকে ঝিনাইদহ এলাকায় আছি। আমার ছেলেরা বাসায় থাকে না। আগুন দেওয়ার অভিযোগ মিথ্যা।’
এদিকে আয়নাল হক অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাঁকে আটক করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য আয়নাল হকের পরিবার পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। গত সপ্তাহে পারিবারিক দ্বন্দ্বের জেরে মারধরের ঘটনায় জহুরা বেগম থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে জানান ওসি।