দ্বন্দ্বের জেরে ট্রাকের ধাক্কা ব্যবসায়ী নিহত
সিরাজগঞ্জ পৌর এলাকায় বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
নিহত ব্যক্তির নাম আমজাদ হোসেন (৫০)। তিনি পৌরসভার চক কোবদাসপাড়া মহল্লার বাসিন্দা ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কোবদাসপাড়া মহল্লায় বালুর ব্যবসা নিয়ে বকুল হোসেনের সঙ্গে আমজাদের দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার সন্ধ্যার দিকে বকুল ট্রাক নিয়ে বালু আনতে যান। তিনি ফেরার সময় রাস্তায় ধুলোবালি উড়ে মানুষের চলাচল ব্যাহত হচ্ছে, এমন অভিযোগ এনে আমজাদ বাধা দেন। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। বকুল সরে যাওয়ার জন্য বললেও আমজাদ ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকেন। একপর্যায়ে বকুল ট্রাক চালিয়ে দিয়ে ধাক্কা দিলে আমজাদ ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ মোতায়েন করা হয়।