দ্বিখণ্ডিত সাইকেল নিথর দেহ ও এক জোড়া জুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইকেল আরোহীকে পিষ্ট করে চলে গেছে বাসটি। পড়ে আছে তাঁর দ্বিখণ্ডিত সাইকেল। গতকাল সকালে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকা থেকে তোলা ছবি l এম রাশেদুল হক
সাইকেল আরোহীকে পিষ্ট করে চলে গেছে বাসটি। পড়ে আছে তাঁর দ্বিখণ্ডিত সাইকেল। গতকাল সকালে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকা থেকে তোলা ছবি l এম রাশেদুল হক

মহাসড়কের পাশে পড়ে আছে বাসের চাকায় পিষ্ট নিথর দেহ। পাশেই দুমড়েমুচড়ে দ্বিখণ্ডিত হওয়া একটি বাইসাইকেল। সাইকেলের সঙ্গে গামছা দিয়ে বাঁধা খাবারের বাটি। ছড়িয়ে-ছিটিয়ে সাইকেলের কিছু অংশ ও দুটি জুতা।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকার দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনের মহাসড়কের দৃশ্য এটি। এর একটু আগে সেখানে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন বাইসাইকেল আরোহী ছামাদ মৃধা (৪০)।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আবদুল মালেক সরদার বলেন, ছামাদ মৃধা সাইকেল চালিয়ে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসছিল ঢাকাগামী দুটি বাস। এর মধ্যে জে আর পরিবহনের বাসটি আসছিল ভুল পথে অর্থাৎ ডান পাশ দিয়ে। রাস্তার ঠিক ওই জায়গায় সড়ক বিভাজকের অংশটি ফাঁকা। ছামাদ মৃধা হয়তো ভেবেছিলেন বাসটি সড়ক বিভাজকের ওই অংশ দিয়ে নিজের লাইনে চলে যাবে। এ জন্য তিনি সাইকেল থামিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। কিন্তু বাসটি নিজের লাইনে না গিয়ে এগোতে থাকে। এর মধ্যে সামনে একেবারে মুখোমুখি অবস্থায় সাইকেল আরোহীকে দেখে দ্রুত ব্রেক কষেন চালক। কিন্তু ততক্ষণে ছামাদ মৃধা বাসের ধাক্কায় চাকার নিচে পড়ে গেছেন। তখন বাসচালক দেরি না করে দ্রুত গাড়ি টান দেন। ছামাদ মৃধার শরীরের মাঝ বরাবর পিষে দিয়ে বাসটি চলে যায়।
নিহত ছামাদের বাড়ি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ২ নম্বর ব্যাপারীপাড়ায়। তাঁর ছোট ভাই আবদুল জলিল মৃধা বলেন, ছামাদ মৃধা প্রতিদিন সন্ধ্যার পর রিকশা নিয়ে বেরিয়ে পড়েন ঘাট এলাকায়। রাতভর রিকশা চালিয়ে সকালে সাইকেল নিয়ে বাড়ি ফেরেন। ঘরে স্ত্রী ও চার ছেলেমেয়ে রয়েছে। অন্যান্য দিনের মতো গতকালও তিনি ঘাট থেকে বাড়ি ফিরছিলেন।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।