দ্বিখণ্ডিত সোহেল মিয়ার মস্তক উদ্ধার
রংপুরে গত শনিবার দুপুরে সোহেল মিয়া (২৫) নামের এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধারের পর রাতে মস্তকও উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া সুবাসের স্বীকারোক্তি অনুযায়ী নগরের মারুয়াপট্টির একটি নর্দমা থেকে মাথাটি উদ্ধার করা হয়।
সুবাস ছাড়াও গতকাল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নগরের পশ্চিম জুম্মাপাড়ার বাসিন্দা আসাদ (২৫) নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আসাদ নগরের সালেক মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী।
কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে নগরের বেতপট্টির গোমস্তাপাড়া এলাকার শ্যামাসুন্দরী খাল থেকে বস্তায় ভরা অবস্থায় সোহেলের মস্তকবিহীন দুই টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। পরে রাতে নগরের মারুয়াপট্টিতে সুবাসের বাড়ির পেছনের একটি নর্দমা থেকে বস্তায় ভরা অবস্থায় সোহেলের মাথাটিও পুলিশ উদ্ধার করে। নিহত সোহেল নগরের জুম্মাপাড়ার কেব্ল টিভির লাইনম্যান ছিলেন। এ ঘটনায় শনিবার রাতে নিহত সোহেলের বাবা সুরুজ মিয়া পাঁচজনের নাম উল্লেখসহ আজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। এজাহারভুক্ত আসামিরা হলেন বুড়া (২৫), আসাদ (২৩), পিন্টু (২৬), রুবেল (২৫) ও সুবাস (২৩)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।