দ্বিগুণের টোপ দিয়ে সব নিয়ে চম্পট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি বেসরকারি সংস্থা প্রায় এক হাজার আমানতকারীর টাকা নিয়ে সটকে পড়েছে। উপজেলা সদরের শঠিবাড়ী বাজার এলাকায় সংস্থাটির কার্যালয় ছিল।
উপজেলা সমবায় কার্যালয় সূত্রে জানা যায়, আরডিপি নামের সংস্থাটির জমা দেওয়া নথিতে দেখা গেছে, এটি ২০০৭ সালে নারায়ণগঞ্জ জেলা সমবায় কর্মকর্তার কার্যালয় থেকে নিবন্ধিত। নিবন্ধন নম্বর ৩১৮। কাগজপত্রে সংস্থার প্রধান কার্যালয়ের ঠিকানা দেওয়া হয়—৫৫/১-১ এস এম মালেহ রোড, নারায়ণগঞ্জ। রাজধানী ঢাকায় এদের ঠিকানা হিসেবে দেওয়া আছে—৩২ পুরানা পল্টন, সুলতান আহমেদ প্লাজা, নবম তলা, ঢাকা-১০০০। এই ঠিকানা দিয়ে ২০১২ সালের অক্টোবর মাসে মিঠাপুকুরের শঠিবাড়ী বাজারের দক্ষিণ বাসস্ট্যান্ডে সেলিম মিয়ার বাড়ির দোতলা ভাড়া নিয়ে সংস্থাটি শাখা কার্যালয় খোলে। এরপর বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতিষ্ঠানটি এখানে দেড় বছর ধরে আমানতকারী সংগ্রহ করতে থাকে।
সেলিম মিয়া বলেন, তিনি নিজ বাড়ির দোতলার চারটি কক্ষ আট হাজার টাকায় সংস্থাটির কাছে ভাড়া দেন। সেখানে তারা নিজেদের কার্যালয় খুলেছিল। নিয়মিত ভাড়াও পরিশোধ করত। প্রায় ১০ দিন ধরে কার্যালয়ে তালা ঝুলতে দেখে আর আমানতকারীদের দাবির মুখে গত ১৯ মে ওই কক্ষগুলোর তালা ভাঙা হয়। ঘরগুলো খুলে চেয়ার-টেবিল আগের মতোই পড়ে থাকতে দেখা গেলেও কোনো কাগজপত্র পাওয়া যায়নি। সংস্থাটির লোকজন কখন কাগজপত্র সরিয়ে সটকে পড়েছে, তা তিনি জানেন না বলে বাড়ির মালিক উল্লেখ করেন।
উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি একাধিকবার ওই প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছিলাম। কার্যালয়ে গিয়ে তথ্য জানতে চেষ্টা করেছি। কিন্তু শাখা ব্যবস্থাপক সামিউল ইসলাম নামের এক ব্যক্তি কোনো সহযোগিতা করেননি। তবে নিবন্ধনের কাগজপত্র ঠিক থাকায় কোনো অভিযোগও করা সম্ভব হয়নি। পরে জানতে পারি, রাতের আঁধারে সংস্থার লোকজন পালিয়েছে।’ তিনি বলেন, গত দেড় বছরে প্রায় এক হাজার আমানতকারী সংগ্রহ করে সংস্থাটি। প্রত্যেক আমানতকারী কমপক্ষে পাঁচ হাজার করে টাকা জমা করলেও টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ৫০ লাখ।
ভুক্তভোগী আমানতকারীদের সূত্রে জানা যায়, সংস্থাটি মিঠাপুকুরে কার্যালয় খোলার পর এখানে আমানত করলে বছরে দ্বিগুণ টাকা পাওয়া যায় বলে সবার মুখে মুখে আলোচনা ছড়িয়ে পড়ে। এক বছর টাকা রাখার পর কয়েকজন নাকি দ্বিগুণ টাকা পেয়েছেনও। এসব প্রচারণা শুনতে শুনতে লোকজন আস্তে আস্তে সংস্থাটিতে সঞ্চয় করতে শুরু করেন। সর্বনিম্ন ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত লোকজন টাকা জমা করেন। তবে সংস্থার লোকজন পালানোর পর ২০১২ সালের অক্টোবরে প্রতিষ্ঠানটি গড়ে ওঠার পর যাঁরা টাকা জমা দিয়ে দ্বিগুণ টাকা পেয়েছেন বলে প্রচার করেছিলেন—এমন কাউকেই আর এলাকায় খুঁজে পাওয়া যায়নি। প্রতারকদের দিয়ে এসব প্রচারণা চালানো হয়েছিল বলে এখন ভুক্তভোগীরা ধারণা করছেন।
মিঠাপুকুর উপজেলা সদর বাজারের ব্যবসায়ী রুহুল আমিন গত বছরের অক্টোবর মাসে ১০ নামে হিসাব খুলে একবারে ৬৬ হাজার টাকা জমা দিয়েছেন। তিনি বলেন, ‘এক বছরে দ্বিগুণ টাকা দেওয়ার আশ্বাসে এই টাকা জমা করেছিলাম। কিন্তু বছর পার হওয়ার আগেই রাতের আঁধারে প্রতিষ্ঠানটির লোকজন পালিয়ে গেল।’
একই এলাকার আরেক ব্যবসায়ী ওমর ফারুক ১১ নামে ৬৬ হাজার টাকা জমা দিয়েছিলেন। তিনি বলেন, ‘গত ১৭ মে অফিসে গিয়ে দেখি তালা।’ ভুক্তভোগীরা জানান, ওই সংস্থার শঠিবাড়ী শাখায় নয়জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তবে তাঁরা সবাই ছিলেন অন্য জেলার বাসিন্দা। এখন সবাই গা ঢাকা দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন-অর-রশীদ বলেন, ‘ভুক্তভোগীদের কাছ থেকে ঘটনা জানার পর জেলা প্রশাসককে অবহিত করেছি। এ ঘটনায় ২২ মে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।’ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মামুন-অর-রশীদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান বলেন, সংস্থার কার্যক্রম খতিয়ে দেখা গেছে, এদের কার্যক্রম সমবায় নীতিমালার পরিপন্থী ছিল। প্রতিষ্ঠানটির লোকজন গা ঢাকা দেওয়ায় তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ ২৫ জুন বলেছেন, ‘পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে উপজেলা প্রশাসনকে বলেছি।’
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি।