দ্বিতীয় বিয়ের অভিযোগে এএসপি ক্লোজড
স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে চাঁদপুর নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) রিপন কুমার মদককে ক্লোজড করে বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশের ঊর্ধ্বতন বিভাগ।
রিপনের প্রথম স্ত্রী তপা বিশ্বাসের অভিযোগ, ২০০৬ সালের ১১ নভেম্বর মন্দিরে রিপনের সঙ্গে তাঁর বিয়ে হয়। পরে ঢাকায় তাঁরা সংসার শুরু করেন। এর মধ্যে তপা গোপালগঞ্জের ১৩১ নম্বর মাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি নেন। ২০১১ সালে রিপন পুলিশে যোগ দেন। বিভিন্ন সময় তপার কাছ থেকে তিনি প্রায় ২০ লাখ টাকা নেন। কর্মসূত্রে রিপন প্রথমে বাগেরহাট, পরে ঢাকা ও বর্তমানে চাঁদপুরে থাকেন। দুই বছর আগে বাগেরহাটে থাকার সময় রিপন তাঁকে না জানিয়ে বিভা নামে আরেক মেয়েকে বিয়ে করেন। বিভা-রিপনের একটি কন্যাসন্তান রয়েছে।
তপা বিশ্বাসের দাবি, দুই বছর আগে স্বামীর দ্বিতীয় বিয়ের কথা জানতে পেরে তিনি বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। পরে ঢাকায় নৌ-পুলিশের সদর দপ্তরে অভিযোগ করেন। কিন্তু তাঁরা কোনো পদক্ষেপ নেননি।
গতকাল শনিবার বেলা দেড়টার দিকে চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়িতে রিপনের সঙ্গে কথা বলতে যান তপা বিশ্বাস। এ সময় রিপন তাঁকে মারধর করে পুলিশ ফাঁড়িতেই রেখে যান বলে অভিযোগ করেন তপা িবশ্বাস। সেখান থেকে তপা চাঁদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে যান। সেখানে পুলিশ সুপারকে না পেয়ে তিনি চাঁদপুর মডেল থানায় যান। সেখানে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুমের উপস্থিতিতে তপা সাংবাদিকদের জানান, ‘আমি সামাজিক স্বীকৃতিসহ রিপনের স্ত্রীর পূর্ণ মর্যাদা পেতে চাই। তা না পেলে রিপনের বিরুদ্ধে আমি নারী নির্যাতনের মামলা দিব।’
এ ব্যাপারে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। রিপনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।’
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম বলেন, তপা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। মামলার প্রস্তুতি চলছে।
রিপনের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নাচনমোহরী গ্রামে। এ ব্যাপারে রিপন কুমার মদকের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করে তাঁকে ফোনে পাওয়া যায়নি।