মেয়রের ওপর হামলার প্রতিবাদে রংপুর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা দ্বিতীয় দিনের মতো গতকাল মঙ্গলবার দিনভর কর্মবিরতি পালন করেছেন। তবে পরিষ্কার-পরিচ্ছন্নতা, বিদ্যুৎ, শিশুদের টিকাদান, পানি সরবরাহসহ জরুরি বিভাগ চালু ছিল।
এদিকে আজ বুধবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে কর্মকর্তা-কর্মচারীদের ডাকে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের লাইসেন্স কর্মকর্তা রাফিউর রহমান।
সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বানে দ্বিতীয় দিনের মতো এই কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়।
গতকাল বেলা সাড়ে ১১টায় সরেজমিনে দেখা যায়, সিটি করপোরেশনের অধিকাংশ কক্ষ খোলা থাকলেও বিভিন্ন বিভাগে কোনো দাপ্তরিক কাজ হয়নি। এর ফলে সিটি করপোরেশনে বিভিন্ন কাজে আসা লোকজনকে ফিরে যেতে হয়েছে। তবে শিশুদের টিকাদান কর্মসূচির কাজ চলেছে। আর শহরের বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনার স্তূপ সরিয়ে নেওয়া হয়েছে। সড়কবাতির লাইনেও কাজ করতে দেখা গেছে।
কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার সাদ্দাম হোসেন মেয়রের ওপর হামলার কথা স্বীকার করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে শহরের গুপ্তাপাড়ায় অবস্থিত নিজ বাসভবনের সামনে একটি আসবাবের দোকানে বসে ছিলেন মেয়র সরফুদ্দীন। এ সময় সাদ্দাম হোসেন এসে মেয়রের ফতুয়া টেনে ছিঁড়ে ফেলেন। তাঁকে কিলঘুষি মারেন।