দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যা!
স্বামীর দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় দাম্পত্য কলহের জের ধরে বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ ধানডোবা গ্রামে গত সোমবার শ্বশুরবাড়ির লোকজন এক গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত ব্যক্তির নাম হ্যাপি আকতার (২৬)। তিনি বিজয়পুর গ্রামের মোস্তফা খানের মেয়ে। মেয়ের মৃত্যুর ঘটনায় মোস্তফা খান গতকাল মঙ্গলবার জামাতা মহসিন খানসহ (৩২) আটজনকে আসামি করে গৌরনদী মডেল থানায় হত্যা মামলা করেছেন। এরপর থেকে আসামিরা পলাতক রয়েছেন।
নিহত গৃহবধূর স্বজন, স্থানীয় লোকজন ও থানা-পুলিশ সূত্র জানায়, হ্যাপির স্বামী দক্ষিণ ধানডোবা গ্রামের মহসিন খান পাঁচ বছর ধরে চট্টগ্রামে চাকরি করেন। তিনি সেখানে দ্বিতীয় বিয়ে করেন। ১৫ দিন আগে বিষয়টি হ্যাপি জানতে পারেন। এ নিয়ে হ্যাপির সঙ্গে মহসিনের কলহ শুরু হয়। কিছুদিন আগে ঝগড়ার একপর্যায়ে হ্যাপিকে ব্যাপক মারধর করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার দক্ষিণ ধানডোবা গ্রামের হারুন খানের বাড়িতে সালিস বৈঠক হয়। সেখানে মহসিন দ্বিতীয় বিয়ের জন্য ক্ষমা চান এবং দ্বিতীয় স্ত্রীকে পরিত্যাগ করার অঙ্গীকার করে মুচলেকা দেন। হারুন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
হ্যাপির বাবা মোস্তফা খান বলেন, সালিস বৈঠক করায় হ্যাপির স্বামী মহসিন, ভাশুর আলমগীর খান ও কবির খান, জা মুন্নী বেগম ও ননদ তাসলিমা ক্ষিপ্ত হন এবং হ্যাপিকে উচিত শিক্ষা দেওয়ার হুমকি দেন। এ নিয়ে গত সোমবার সকাল সাড়ে নয়টার দিকে আলমগীর, কবির, মুন্নী ও তাসলিমার সঙ্গে হ্যাপির ঝগড়া হয়। একপর্যায়ে তাঁরা হ্যাপিকে নির্যাতন করে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর তাঁরা গলায় ফাঁস দিয়ে হ্যাপি আত্মহত্যা করেছেন বলে প্রচারণা চালান এবং বাবার বাড়ি খবর পাঠান।
পরে গৌরনদী মডেল থানায় খবর দিলে পুলিশ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে জানতে চাইলে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অভিযোগ সম্পর্কে জানার জন্য অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।