দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কুলসুম বেগম (১৯) নামের এক তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বাড়িতে ডেকে এনে তরুণীর স্বামী, স্বামীর প্রথম স্ত্রীর সন্তানেরা লাঠি ও বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন তরুণীর বাবা। গতকাল রোববার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত কুলসুম উপজেলার চম্পাপুর ইউনিয়নের পশ্চিম চালিতাবুনিয়া গ্রামের কেফায়েত উল্লাহ মুন্সীর দ্বিতীয় স্ত্রী ছিলেন। কুলসুমের বাবার বাড়িও একই গ্রামে।

কুলসুমের বাবা নূর মোহাম্মদ জানান, কুলসুম ধানখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেন। স্ত্রী ও একাধিক সন্তান থাকার পরও কেফায়েত তিন বছর আগে গোপনে কুলসুমকে বিয়ে করেন। বিয়ের পর কেফায়েত নিজের বাড়িতে কখনো নিয়ে যাননি কুলসুমকে। তিনি বাবার বাড়িতেই বসবাস করতেন। ঘটনার দিন গতকাল রাতে কেফায়েত নিজ বাড়িতে কুলসুমকে ডেকে নেন। তিনি (কুলসুমের বাবা) ও কুলসুম ওই বাড়িতে পৌঁছানোমাত্র কেফায়েত ও তাঁর দুই ছেলে লাঠি ও বাঁশ নিয়ে পেটাতে থাকেন কুলসুমকে। বাধা দিলে তাঁকেও মারধর করেন। পেটানোর একপর্যায়ে রক্তাক্ত অবস্থায় কুলসুম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

কুলসুমের মা ফিরোজা বেগম দাবি করেন, স্বামী কেফায়েত, তাঁর প্রথম স্ত্রী হালিমা বেগম, প্রথম স্ত্রীর ছেলে রাকিবুল ও নাঈম পরিকল্পনা করে কুলসুমকে হত্যা করেছেন। তিনি তাঁর মেয়ে হত্যার বিচার দাবি করেন।
চম্পাপুর ইউনিয়নের চেয়ারম্যান রিন্টু তালুকদার বলেন, ‘স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে শুনেছি যে কুলসুমকে পিটিয়ে হত্যা করে মৃতদেহ পুকুরে ফেলে দিয়েছে। ওই এলাকার ইউপি সদস্য আফাজ উদ্দিন খলিফাসহ স্থানীয় লোকজন খবরটি শোনার পর রাতেই পুকুর থেকে কুলসুমের মৃতদেহ উদ্ধার করেন। আমি ঘটনাস্থলে গিয়ে সবার সঙ্গে কথা বলে বুঝলাম, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ বলেন, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কুলসুমের স্বামী ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে গেছেন। তাঁদের আটকের চেষ্টা করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য আজ সোমবার পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।