দ্বিতীয়বার চুরি করতে এসে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৌশলে ব্যাংক থেকে গ্রাহকের টাকা চুরির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন ঢাকার করাতিটোলা এলাকার দেলোয়ার হোসেন (৫৬), ডেমরার নাসির সরদার (৫৫) ও খুলনার দীঘলিয়া উপজেলার ব্রাহ্মগাতি গ্রামের ইউনুছ আলী (৩৫)।
গত বুধবার দুপুরে কুমিল্লা নগরের পদুয়ার বাজার পূবালী ব্যাংক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করা হয়। ওই তিন ব্যক্তি প্রায় সাড়ে চার মাস আগে ব্যাংকটির ওই শাখা থেকেই এক গ্রাহকের টাকা চুরি করেন। দ্বিতীয়বার চুরি করতে এসে তাঁরা ধরা পড়লেন।
সদর দক্ষিণ মডেল থানা সূত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি বেলা ১টা ৪৫ মিনিটে এ ওয়ান পলিমার লিমিটেড কোম্পানির কর্মকর্তা কুষ্টিয়ার কুমারখালীর সেলিম রেজা পদুয়ার বাজার পূবালী ব্যাংকে টাকা জমা রাখতে যান। এ সময় টেবিলের ওপর টাকার ব্যাগ রাখেন তিনি। এরপর জমা রসিদ লেখার সময় প্রতারক চক্রের এক সদস্য তাঁকে বলে, ‘টেবিলের নিচে টাকা পড়ে আছে।’ তখন সেলিম রেজা নিচে ঝুঁকলে প্রতারক চক্রের আরেক সদস্য টেবিলের ওপর থেকে টাকার ব্যাগ নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যান। ওই গ্রাহক টেবিলের নিচ থেকে মাথা তোলে দেখেন, টেবিলের ওপর রাখা তাঁর টাকার ব্যাগ নেই। তখন তিনি চিত্কার করে বিষয়টি ব্যাংকের ব্যবস্থাপককে জানান। এ ঘটনায় ওই দিনই কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন সেলিম রেজা। পুলিশ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে এবং চার প্রতারককে চিনে রাখে। গত বুধবার দুপুর ১২টায় ওই চক্রের তিন সদস্য পুনরায় ব্যাংকে প্রবেশ করে। এ সময় ব্যাংক কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। গতকাল সকালে পুলিশ আগের ভিডিও ফুটেজের সঙ্গে তাঁদের চেহারা মিলিয়ে নেয়। জিজ্ঞাসাবাদে তাঁরা বিষয়টি স্বীকার করেন। একই সঙ্গে আগের টাকা নেওয়ার কথাও স্বীকার করেন তাঁরা। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।
এর আগে ৯ জুন পূবালী ব্যাংক চকবাজার শাখা থেকে একই কায়দায় এক নারীর ৬ লাখ ৪০ হাজার টাকা নিয়ে গেছে প্রতারক দল।