
গুলিতে নিহত সাংবাদিক আবদুল হাকিমের হত্যাকারীদের দ্রুত বিচার আইনে বিচার করার দাবি জানিয়েছে সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। এ ঘটনায় গুলিবর্ষণকারী হিসেবে অভিযুক্ত সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হককে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
গতকাল শনিবার প্রতিবাদ সভা ও পৃথক বিবৃতি দিয়ে এই দাবি করা হয়। আবদুল হাকিম সমকাল পত্রিকার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি ছিলেন। গত বৃহস্পতিবার ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় দুই পক্ষের সংঘর্ষের সময় খবর সংগ্রহের সময় গুলিবিদ্ধ হন ও পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
‘সমকাল পরিবার’ গতকাল তেজগাঁওয়ে পত্রিকাটির কার্যালয়ে এক প্রতিবাদ সভা করে। সভা থেকে তিন দিনের শোক ও আজ রোববার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। একই সময়ে একই ধরনের কর্মসূচি পালন করবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ। সমকাল-এর প্রতিবাদ সভায় এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সম্পাদক গোলাম সারওয়ার বলেন, তাঁরা আজ ভ্রাতৃহারা। এ হত্যার বিচার হতেই হবে। তিনি গুলিবর্ষণকারী হিসেবে অভিযুক্ত মেয়রকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি দাবি জানান।
প্রতিবাদ সভা থেকে দ্রুত বিচার আইনে সাংবাদিক আবদুল হাকিম হত্যার বিচার দাবি করেন সমকাল পরিবারের সদস্যরা। তাঁরা বলেন, সরকারকে এই খুনের দায় নিতে হবে। সভায় আরও বক্তব্য দেন সমকাল-এর নির্বাহী পরিচালক শাহাব উদ্দিন, নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফি, সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্ত, সবুজ ইউনুস, বার্তা সম্পাদক মশিউর রহমান, নগর সম্পাদক শাহেদ চৌধুরী, প্রধান প্রতিবেদক লোটন একরাম প্রমুখ।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) আবদুল হাকিম নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আসকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. নূর খানের সই করা এক বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা জনমনে উৎকণ্ঠার সৃষ্টি করেছে। আসক দায়ী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনা এবং সব সাংবাদিকের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম আবদুল্লাহ এক বিবৃতিতে সাংবাদিক হত্যার এই ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, সাগর-রুনিসহ এ পর্যন্ত ২৮ জন সাংবাদিক খুন হয়েছেন, একটিরও বিচার হয়নি। ফলে সাংবাদিক হত্যা-নির্যাতন বেড়েই চলছে।
জেলায় জেলায় বিক্ষোভ
সিরাজগঞ্জের শাহজাদপুরে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে সমকাল-এর শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম (শিমুল) নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ-সমাবেশ ও মানববন্ধন হয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানান, কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের কর্মী ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। গতকাল শনিবার অনুষ্ঠিত এসব কর্মসূচিতে বক্তারা শাহজাদপুর পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা হালিমুল হকসহ অন্যান্য দোষী ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে তাঁদের যোগ্য শাস্তি দাবি করেন। এখন পর্যন্ত মূল অভিযুক্তদের গ্রেপ্তার না করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অসন্তোষ প্রকাশ করেন তাঁরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকালে মানববন্ধন আয়োজন করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বিকেলে সুহৃদ সমাবেশের পক্ষ থেকে রাজশাহী নগরের জিরো পয়েন্টে হয় মানববন্ধন। বিকেলে রাজশাহী প্রেসক্লাবও একই এলাকায় মানববন্ধন করেছে।
সাতক্ষীরা নিউমার্কেটের সামনে সকালে জেলা রিপোর্টার্স ইউনিটি মানববন্ধন ও সমাবেশ আয়োজন করে। এতে দুই শতাধিক সাংবাদিক অংশ নেন। পরে সাংবাদিকেরা জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন।
বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে সকালে মানববন্ধন আয়োজন করে সমকাল-এর পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ। বরগুনা প্রেসক্লাবের সামনে সকালে ‘সুহৃদ সমাবেশ’-এর আয়োজনে হয়েছে মানববন্ধন। দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ প্রেসক্লাবের সাংবাদিকেরা করেন মানববন্ধন।