দ্রুত বিচার আইনে বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অপহরণের পর শিশু স্কুলছাত্রী হাফসা আক্তার হত্যার ঘটনায় মামলার আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হাসিনা বেগম ও হাফসার মা লিপি আক্তার। বক্তারা বলেন, উপজেলার দুপ্তারা ইউনিয়নের গিরদা এলাকায় বাড়ির পাশে খেলার সময় পাঁচ বছরের হাফসাকে ২৬ নভেম্বর অপহরণ করা হয়। পরে মুঠোফোনে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি পুলিশকে জানালেও তারা আমলে নেয়নি। পরে অপহরণকারীরা হাফসাকে শ্বাসরোধে হত্যা করে লাশ তাঁদের বাড়ির অদূরে ফেলে যায়। পুলিশের গাফিলতির কারণেই সে দিন শিশু হাফসাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে অপহরণ ও হত্যার ঘটনায় করা মামলার পলাতক চার আসামিকে শিগগির গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে বিচার করা হোক।
অবশ্য গাফিলতির অভিযোগ অস্বীকার করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, অপহরণের পরদিন শিশুটির লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন, অপহরণের পরপরই শিশুটিকে মেরে ফেলা হয়।
হাফসা উপজেলার বান্টি চৌধুরীপাড়া এলাকার মালয়েশিয়া-প্রবাসী হজরত আলীর মেয়ে। সে গিরদা নজরুল ইসলাম বাবু প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ এ ঘটনায় ইতিমধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা বর্তমানে জেলা কারাগারে আছেন।