ধরনা দিয়ে শিক্ষার্থী সংগ্রহ ও বই-বাণিজ্য
পাবনার বেড়া পৌর এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে কিন্ডারগার্টেন (কেজি) স্কুল। শিক্ষার্থীদের তুলনায় স্কুলের সংখ্যা বেশি হওয়ায় স্কুলগুলো শিক্ষার্থী সংগ্রহে প্রতিযোগিতায় নেমেছে।
স্কুলের শিক্ষকেরা নানা প্রতিশ্রুতির ডালি নিয়ে অভিভাবকদের বাড়িতে গিয়ে ধরনা দিচ্ছেন শিক্ষার্থী সংগ্রহে। স্কুলগুলোর বিরুদ্ধে অভিযোগ, শিক্ষার্থীদের পিঠে অতিরিক্ত বইয়ের বোঝা চাপিয়ে বই-বাণিজ্য করছে তারা।
বেড়া পৌর এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৪টি। অন্যদিকে ব্যক্তিমালিকানাধীন কেজি স্কুল রয়েছে ১১টি। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের হিসাব অনুযায়ী, পৌর এলাকায় প্রাথমিক স্তরের মোট শিক্ষার্থী প্রায় ১০ হাজার ১০০। এর মধ্যে ৭ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং বাকি ৩ হাজার ১০০ কেজি স্কুলে পড়ালেখা করে।
বিভিন্ন কেজি স্কুলের তথ্য নিয়ে জানা গেছে, স্কুলগুলোতে শিক্ষক হিসেবে যাঁদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাঁরা ঠিকমতো পড়াতে পারেন কি না, সেটি মূল বিষয় নয়। মূল বিষয় হলো, ওই শিক্ষকের শিক্ষার্থী সংগ্রহের ক্ষমতা আছে কি না। বেশ কয়েকজন শিক্ষকের খোঁজ পাওয়া গেছে, যাঁরা নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থী বিদ্যালয়ে ভর্তি করিয়ে চাকরি পেয়েছেন। আর যেসব শিক্ষক কয়েক বছর আগে থেকেই স্কুলে কর্মরত রয়েছেন, তাঁদের অভিভাবকদের কাছে পাঠানো হচ্ছে শিক্ষার্থী সংগ্রহ করতে। মূলত যেসব শিশুকে এবারই প্রথম স্কুলে ভর্তি করানো হবে সেসব শিশুর অভিভাবকদের কাছে গিয়ে ধরনা দিচ্ছেন শিক্ষকেরা। কোনো কোনো ক্ষেত্রে বিনা বেতনে পড়ানোরও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।
পৌর এলাকার জোড়দহ মহল্লার এক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করব শুনে দুটি কেজি স্কুলের চার-পাঁচজন শিক্ষক প্রত্যেক দিন সকালে-বিকেলে বাড়িতে এসে তাঁদের নিজ নিজ স্কুলে ভর্তির অনুরোধ করতেন। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বাচ্চাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করেছি।’
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, কেজি স্কুলগুলো বিনা বেতন বা অর্ধেক বেতনের প্রতিশ্রুতি দিয়ে কিছু শিক্ষার্থী ভর্তি করলেও অতিরিক্ত সেশন ফি ও বই-বাণিজ্যের মাধ্যমে তা পুষিয়ে নেওয়া হচ্ছে। কেজি স্কুলগুলো প্রথম শ্রেণি থেকেই বিনা মূল্যের সরকারি বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের পিঠে অতিরিক্ত বইয়ের বোঝা চাপিয়ে দিচ্ছে। প্রতিটি কেজি স্কুলের কর্তৃপক্ষের বিভিন্ন পুস্তক প্রকাশনী সংস্থার সঙ্গে গোপন সমঝোতা রয়েছে। মানহীন ও ভুলে ভরা অপ্রয়োজনীয় বই শিশুদের পড়তে বাধ্য করা হচ্ছে। এসব বইয়ের গায়ে স্বাভাবিক দামের চেয়ে চার থেকে পাঁচ গুণ বেশি দাম প্রকাশনীর মাধ্যমে লিখে নেওয়া হচ্ছে। কখনো কখনো কেজি স্কুলগুলো সেই অতিরিক্ত দামে অথবা কোনো লাইব্রেরির মাধ্যমে বইগুলো অভিভাবকদের গছিয়ে দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেড়া পৌর এলাকার এক পুস্তক বিক্রেতা জানান, দুটি কেজি স্কুলের বই তাঁর লাইব্রেরি থেকে বিক্রি করা হচ্ছে। যে বইগুলো তিনি বিক্রি করছেন এগুলো মূল বইয়ের সঙ্গে অতিরিক্ত হিসেবে পড়ানো হয়। শুধু প্রথম শ্রেণিতেই এমন তিনটি অতিরিক্ত বই রয়েছে। তিনটি বইয়ের গায়ে যে দাম লেখা রয়েছে, তা যোগ করলে ২৩০ টাকা হয়। অভিভাবকদের কাছে ওই দামেই অথবা ওর চেয়ে সামান্য কমে বিক্রি করা হয়। কিন্তু বইগুলোর প্রকৃত দাম ৬০ টাকার বেশি নয়। অন্যান্য শ্রেণিতেও একই হারে বেশি দাম আদায় করা হয়। তিনি জানান, বইয়ের বেশি দাম যা আদায় করা হয় তার বেশির ভাগই স্কুল কর্তৃপক্ষ নিয়ে থাকে।
বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘প্রথম শ্রেণির একজন শিক্ষার্থীর জন্য সরকার-নির্ধারিত বাংলা, ইংরেজি ও গণিতের তিনটি বই-ই যথেষ্ট। অথচ কেজি স্কুলে এসব বইয়ের সঙ্গে অ্যাকটিভ ইংলিশ, পরিবেশ পরিচিতি, ব্যাকরণ ইত্যাদি বই পড়ানো হচ্ছে। অন্য শ্রেণিগুলোতেও একই অবস্থা। বাড়তি পড়ার চাপে শিক্ষার্থীরা মানসিক চাপে পড়ায় তাদের ক্ষতি হচ্ছে। কেজি স্কুলগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে বলে এ ব্যাপারে আমরা তাদের কিছু বলতে পারছি না।’
এ ব্যাপারে পৌর এলাকার কমপক্ষে তিনটি কেজি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হলে তারা বিষয়গুলো স্বীকার করে। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তারা জানায়, প্রথম অবস্থায় সব কেজি স্কুলকেই বাড়ি বাড়ি ঘুরে শিক্ষার্থী সংগ্রহ করতে হয়। আর কেজি স্কুলের নীতিমালা অনুযায়ী তাদের স্কুলগুলোতে বিভিন্ন পাঠ্যবই পড়ানো হয়।