ধরপাকড় চলছেই, আটক আরও ১৮৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে রোববার থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে ধরপাকড় করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। রোববার রাত ও গতকাল মিলিয়ে দেশের ১৫ জেলা থেকে ১৮৪ জনকে আটকের খবর পাওয়া গেছে। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ শুরুর পর থেকে গতকাল পর্যন্ত এসব জেলার ১০টি থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ৬ হাজার ৪৭৭ জন নেতা-কর্মীকে আটক করা হলো। জেলাগুলো হলো ফেনী, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, রাজবাড়ী, গাইবান্ধা, রাজশাহী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও জামালপুর।
ফেনীর সোনাগাজীতে হরতাল চলাকালে পাঁচটি অটোরিকশা ভাঙচুর, গাছ কেটে সড়ক অবরোধ এবং বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। এ নিয়ে জেলায় আটকের সংখ্যা দাঁড়াল ২৫৫।
সাতক্ষীরায় গতকাল রোববার রাত থেকে সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের ১০ জন কর্মীসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। জেলায় আটকের সংখ্যা দাঁড়াল ১৪৫০।
নাশকতা চালানোর অভিযোগে কিশোরগঞ্জে হযরত আলী নামে ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে কিশোরগঞ্জ শহরের স্টেশন সড়কের গৌরাঙ্গ বাজার চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হযরত আলী ইটনা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি এবং কিশোরগঞ্জ শাখার সাহিত্য সম্পাদক।
ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল ও অবরোধে নাশকতার ঘটনায় হওয়া মামলায় বিএনপির ১০ নেতা-কর্মীসহ ৯৮ জনকে আটক করেছে পুলিশ। এতে জেলায় গ্রেপ্তারের সংখ্যা ৩ হাজার ৮৩-তে দাঁড়াল।
নোয়াখালী শহরের নাপিতের পোল এলাকায় সাদা পোশাকের পুলিশ সদস্যদের বহনকারী একটি অটোরিকশায় পেট্রল নিক্ষেপের চেষ্টাকালে মো. হেলাল ও মো. শামীম নামের ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করা হয়েছে। এ নিয়ে ২২৭ জনকে আটক করা হলো।
রাজবাড়ীতে জাহিদুল ইসলাম নামে ছাত্রদলের এক কর্মীকে আটক করেছে পুলিশ। তিনি রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ছাড়া গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট টার্মিনাল এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় পুলিশ যুবদল নেতাসহ ১৪ জনকে আটক করেছে। মামলা দায়েরের পর ১১ জনকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের তিন নেতা-কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। এ নিয়ে গতকাল পর্যন্ত জেলায় ৩৮৭ জন আটক হলো।
মানিকগঞ্জের বিভিন্ন স্থানে রোববার রাতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ছয়জন কর্মীকে আটক করেছে পুলিশ। এ নিয়ে জেলায় বিএনপি ও জামায়াতের ১৮৫ নেতা-কর্মীকে আটক করা হলো।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মালিবাগ এলাকায় ট্রাকে আগুন দেওয়ার মামলার প্রধান আসামি বিএনপির কর্মী মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলায় এ নিয়ে ১১৮ জনকে আটক করা হলো।
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফজলুল হক ওরফে মাসুমকে গতকাল মোহনগঞ্জ উপজেলা পরিষদ ডাক বাংলোর সামনে থেকে আটক করেছে পুলিশ। গতকালই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পিরোজপুরের মঠবাড়িয়া থানা জামে মসজিদের সামনে রোববার রাতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রামের লোহাগাড়ায় হরতাল-সমর্থকেরা সিএনজি অটোরিকশা ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। এ পর্যন্ত উপজেলায় ৭৩ জনকে আটক করা হলো। জামালপুরের মেলান্দহ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারিকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফের হ্নীলা স্টেশন এলাকায় নাশকতা চেষ্টাকালে গতকাল বিকেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার আহ্বায়ক রফিকুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ ছাত্রশিবির কর্মীসহ বিএনপি-জামায়াতের ১৭ নেতা-কর্মীকে আটক করেছে র্যাব ও পুলিশ। এ নিয়ে রাজশাহীতে আটকের সংখ্যা দাঁড়াল ৪১৫। নওগাঁয় দুপুরে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলা যুবদলের প্রচার সম্পাদক শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১৩ জন বিএনপি ও জামায়াতের কর্মীকে আটক করেছে। তাঁদের মধ্যে নয়জন বিএনপি ও চারজন জামায়াতের কর্মী।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ছাত্রদলের সভাপতি শহিদুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়ায় মহাসড়কে যানবাহনে নাশকতায় জড়িত সন্দেহে নয়ন (২৮) নামের এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া পুলিশ গতকাল রাত আটটা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে আরও ২০ জনকে গ্রেপ্তার করেছে।