ধরপাকড় চলছেই আরও গ্রেপ্তার ৩২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত আছে। গত মঙ্গলবার ও গতকাল বুধবার রাতে দেশের ১৭টি জেলা থেকে ৩২২ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয় ৬ জানুয়ারি। এর আগে ২০-দলীয় জোটের ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের কর্মসূচি ঠেকাতে ৪ ও ৫ জানুয়ারি টানা দুই দিনের ‘সরকারি অবরোধে’ দেশের সড়ক, নৌ ও রেলপথ কার্যত অচল হয়ে পড়ে। এসব জেলার কোথাও কোথাও ১ জানুয়ারি থেকেই গ্রেপ্তার অভিযান শুরু হয়। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, সেই অভিযানে এই জেলাগুলোর মধ্যে ১৪টি থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের এ পর্যন্ত তিন হাজার ৬০১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২২ জনকে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, গত মঙ্গলবার সকাল ছয়টা থেকে গতকাল বুধবার সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপির ২০ ও জামায়াত-শিবিরের দুজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ১১ কর্মীসহ ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতা সৃষ্টিসহ কয়েকটি অভিযোগে মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকাল অবরোধ শুরুর আগে ১ জানুয়ারি থেকে গতকাল বুধবার পর্যন্ত এই জেলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১২৬৯।
কুষ্টিয়ায় ধানবোঝাই ট্রাকে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় পুলিশ সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি হায়াত আলী, হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে এ জেলায় মোট গ্রেপ্তার দাঁড়াল ১৫৫।
কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ ছাড়া নাশকতার পরিকল্পনার অভিযোগে সদর দক্ষিণ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও জামায়াতপন্থী চিকিৎসক মো. ফজলুর রহমান মজুমদারকে (৫৫) গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে কুমিল্লা জেলায় ২০৪ জনকে গ্রেপ্তার করা হলো।
নরসিংদীতে পাঁচটি পেট্রলবোমাসহ মাসুম মিয়া (২২) নামের এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আজিজুল হককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ২৫ জানুয়ারি রাতে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা পেট্রলবোমা হামলা চালায়। এতে দুই যাত্রী দগ্ধ হন। এ ঘটনায় নাশকতার অভিযোগে পাকুন্দিয়া থানায় মামলা হয়। ওই মামলার অভিযুক্ত হিসেবে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
রংপুর জেলায় মঙ্গলবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১০ জন জামায়াতের ও দুজন বিএনপির কর্মী। বাকি ৪২ জন অন্যান্য মামলার আসামি। জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, অবরোধের শুরু থেকে জেলায় এ পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৪৩০।
বগুড়ার শেরপুরে মহাসড়কে নাশকতার মামলায় ইউনিয়ন পরিষদের সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ তাঁদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। অবরোধ শুরুর পর থেকে উপজেলায় এ পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৩৪।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ককটেলসহ দুই যুবককে আটক করেছে এলাকাবাসী। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল ও অবরোধে নাশকতার ঘটনায় হওয়া মামলায় বিএনপি-জামায়াতের ১০ জন নেতা-কর্মীসহ ১১৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান জানান, অবরোধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৩৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিনসহ (৪০) বিএনপি-জামায়াতের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সিরাজগঞ্জ জেলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১২২।
ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকা থেকে ইসলামী ছাত্রী সংস্থার ঝালকাঠি সরকারি মহিলা কলেজ শাখার সভানেত্রী মানছুরা জান্নাত লুনা (১৯) ও তাঁর ভাই ওসমান গণিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। মানছুরা জান্নাত লুনা ঝালকাঠি সরকারি মহিলা কলেজ শাখা ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী। এ নিয়ে ঝালকাঠি জেলায় ৫০ জনকে গ্রেপ্তার করা হলো।
বরিশালে অবরোধে পিকেটিং চালানোর সময় ছাত্রশিবিরের কর্মী মো. ইসমাইল হোসেন (২২) ও মো. মিজানুর রহমানকে (২১) আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে মামের বোতলে রাখা ২০০ মিলিলিটার পেট্রল উদ্ধার করা হয়। এ নিয়ে বরিশাল জেলায় আটকের সংখ্যা দাঁড়াল ২০৮।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপি ও শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে উপজেলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৭২।
রাজশাহীর পুঠিয়া পৌর জামায়াতের সেক্রেটারি ইউসুফ আলীকে গতকাল বুধবার সন্ধ্যায় পুঠিয়া বাজার থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি উপজেলার কান্দ্রা এলাকায়। পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, নাশকতার মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। রাজশাহীতে এ পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৩৮০।
গাইবান্ধার সাত উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে গত দুই দিনে বিএনপি ও জামায়াত-শিবিরের ৩২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন।
মাগুরার শালিকা নামক স্থানে ট্রাকে পেট্রলবোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে গতকাল তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
(প্রতিবেদনটি তৈরিতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা তথ্য দিয়েছেন)