বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ কর্মসূচিতে চট্টগ্রাম নগরে সহিংসতার পাঁচটি ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ। এসব ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের ধরপাকড়ের মধ্যেও নগরে সহিংস ঘটনা বন্ধ হচ্ছে না।
পুলিশ সূত্র জানায়, নাশকতার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ২০-দলীয় জোটের কর্মী ও সমর্থক। তাঁদের জিজ্ঞাসাবাদ করে মূল হোতাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, ‘নাশকতার ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের তথ্যের ভিত্তিতে মূল হোতাদেরও আইনের আওতায় আনা হবে।’
নগরের নুপুর সিনেমা হলের সামনে চারটি বাস ভাঙচুর এবং তিনপোলের মাথায় এলোপাতাড়ি গাড়ি ভাঙচুর করার সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। চার দিন আগে নুপুর সিনেমা হল এবং তিন দিন আগে তিনপোলের মাথায় এসব ঘটনা ঘটে।
কোতোয়ালি থানায় ওসি এ কে এম মহিউদ্দিন বলেন, ‘নুপুর সিনেমা হলের সামনে গাড়ি ভাঙচুরের পরই আমরা দ্রুত অভিযান চালিয়ে যুবদল-ছাত্রদলের তিন কর্মীকে গ্রেপ্তার করি। আর তিনপোলের মাথায় একটি যাত্রীবাহী বাস থেকে নেমেই পাঁচ-ছয়জন যুবক কোমরে লুকানো রড নিয়ে গাড়ি ভাঙচুর করছিল। সাদা পোশাকে থাকা পুলিশ ধাওয়া করে একজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে মূল হোতাদের ধরারও চেষ্টা চলছে।