ধরপাকড় অব্যাহত, আরও ১০ জঙ্গি গ্রেপ্তার
দেশব্যাপী জঙ্গিবিরোধী বিশেষ অভিযানের ষষ্ঠ দিনেও ধরপাকড় অব্যাহত ছিল। বুধবার থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলা থেকে ১০ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সারা দেশে মোট কতজনকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি পুলিশ কর্তৃপক্ষ।
বিশেষ অভিযানে গতকাল পর্যন্ত জঙ্গি সন্দেহে মোট ১৭৬ জনকে গ্রেপ্তার করা হলো। পুলিশের তথ্য অনুযায়ী গতকাল গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে জেএমবির নয় ও হিযবুত তাহ্রীরের একজন সদস্য রয়েছেন। আর প্রথম আলো প্রতিনিধিদের পাঠানো হিসাবে দেখা যায়, ১২টি জেলায় বুধবার থেকে গতকাল পর্যন্ত বিরোধী রাজনৈতিক কর্মী, নাশকতার মামলা, পরোয়ানাভুক্ত আসামিসহ সাত শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করা হলে জনসংযোগ ও তথ্য শাখার এক কর্মকর্তা বলেন, ১০ জুন থেকে সারা দেশে পুলিশের ‘জঙ্গিবিরোধী বিশেষ অভিযান’ চলছে। এর পাশাপাশি অন্য ‘বিশেষ অভিযান’ চালানো হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য। এ কারণে জঙ্গিদের পাশাপাশি অন্যান্য মামলার আসামিও বিপুল সংখ্যায় ধরা পড়ছে। বর্তমানে কেবল ‘জঙ্গিবিরোধী বিশেষ অভিযান’ চলছে। ফলে সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তারের তথ্যই কেবল দেওয়া হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) এ কে এম শহীদুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘জঙ্গিবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আগামীকাল শুক্রবার সকাল পর্যন্ত তা চলবে।’
প্রথম আলো প্রতিনিধিদের পাঠানো খবর: চট্টগ্রামেবুধবার থেকে গতকাল সকাল পর্যন্ত ২২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, নগরীতে ৫০ জন এবং জেলা পুলিশ ১৭৬ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের অধিকাংশ পরোয়ানাভুক্ত আসামি ও নাশকতার মামলার আসামি।
বুধবার মধ্যরাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট জেলা ও মহানগর এলাকায় জামায়াত-শিবিরের পাঁচজন কর্মীসহ ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতক্ষীরায় জামায়াতের ১১ নেতা-কর্মীসহ ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরে কাজী সিরাজুল ইসলাম নামে এক জামায়াত নেতাকে গতকাল সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালীর সেনবাগ পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল আজিমকে গতকাল বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরিদপুর জেলায় ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামি ৪০ জন, মাদক মামলার আসামি ৩ জন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১ জন এবং সন্দেহভাজন হিসেবে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিরাজগঞ্জে গতকাল ১২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নাশকতা মামলার আসামি ২৫ জন, বিস্ফোরক মামলায় ৪ জন, অস্ত্র মামলায় ৭ জন ও মাদক মামলায় ৫৪ জন গ্রেপ্তার হয়েছেন।
গত বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর বাজার থেকে ফটিক ওরফে আবদুল্লাহ ওরফে বাদশা (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি জেএমবির সদস্য। নওগাঁর আত্রাইয়ে জেএমবির সদস্য সন্দেহে মো. কাইকোবাদকে গ্রেপ্তার করেছে পুলিশ
এ ছাড়া রংপুরে ৭৬, নাটোরে ৪৫, কক্সবাজারে ৪৩ ও গাইবান্ধায় ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।