ধরমপাশা ও নকলায় দুই খুন, সরিষাবাড়ীতে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মির্জাপুর গ্রামে গত শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে এক যুবককে হত্যা করেছে। শেরপুরের নকলার হাসনখিলা গ্রামে প্রতিপক্ষ গতকাল শনিবার কুপিয়ে একজনকে হত্যা করেছে। একই দিন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হাটবাড়ি গ্রামে পুলিশ এক নারীর লাশ উদ্ধার করেছে।
ধরমপাশায় নিহত ব্যক্তির নাম তোফায়েল আহমেদ (২৭)। তাঁর বাড়ি মির্জাপুর গ্রামে। নকলায় নিহত ব্যক্তি হলেন হাসনখিলা গ্রামের আজিজল হক (৪৫)। সরিষাবাড়ী থেকে উদ্ধার করা লাশটি ছালেহা বেওয়ার (৫০)। তাঁর বাড়ি হাটবাড়ি গ্রামে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ধরমপাশা (সুনামগঞ্জ): এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাত চারটার দিকে ধরমপাশা উপজেলার মির্জাপুর গ্রামের একটি আমন ধানের জমিতে মাদক সেবনের পর রাত সাড়ে চারটার দিকে মাদক কেনাবেচার টাকা নিয়ে তোফায়েলের সঙ্গে আমিরুল ইসলামসহ (২৫) তাঁর সঙ্গীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তোফায়েলকে ছুরিকাঘাত করে দুটি মোটরসাইকেল নিয়ে আমিরুলের সঙ্গীরা পালিয়ে যান। আমিরুলকে জাপটে ধরে তোফায়েল চিৎকার দেন। স্থানীয় ব্যক্তিরা ঘটনাস্থল থেকে আমিরুলকে আটক করে। আহত অবস্থায় গতকাল সকাল ছয়টার দিকে পাশের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোফায়েলকে মৃত ঘোষণা করে। পুলিশ আমিরুলকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামে। ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া গতকাল বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানায় এখনো মামলা হয়নি।
শেরপুর: জমি নিয়ে দীর্ঘদিন ধরে হাসনখিলা গ্রামের ফজর আলীর সঙ্গে তাঁর চাচাতো ভাই রইছ উদ্দিনের বিরোধ ছিল। গতকাল বেলা ১১টার দিকে ওই জমিতে ধান রোপণ নিয়ে সংঘর্ষে ধারালো রামদার কোপে ফজর আলীর ছেলে সেকান্দর আলী ও জামাই আজিজল হক আহত হন। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে বেলা দুইটার দিকে আজিজল মারা যান। নকলা থানার ওসি গোলাম হায়দার বলেন, এ ঘটনায় নিহত আজিজলের স্ত্রী মুক্তামালা বাদী হয়ে রইছ উদ্দিনকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
সরিষাবাড়ী (জামালপুর): সরিষাবাড়ীর হাটবাড়ি গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী ছালেহা শুক্রবার রাতে ঘুমিয়ে পড়েন। গতকাল সকালে প্রতিবেশীরা ঘরের দরজায় তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।