ধরমপাশায় কেটে ফেলা হচ্ছে শতবর্ষী বটগাছ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ মধ্যবাজারে শতবর্ষী একটি বটগাছ গতকাল শনিবার দুপুরে কাটা শুরু হয়েছে। যুবলীগের স্থানীয় দুজন কর্মী এতে জড়িত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের বাসিন্দা যুবলীগের কর্মী বশীর আহমেদ ও জেসমিন মিয়া গতকাল দুপুরে গাছটি কেটে ফেলার জন্য চার-পাঁচজন শ্রমিক নিয়োগ করেন। স্থানীয় লোকজনের সামনেই তাঁরা শ্রমিকদের প্রথমে ডালপালা ও পরে গাছের গোড়ার অংশ কেটে ফেলার নির্দেশ দেন। একটি বড় ডাল গতকাল বিকেলে কেটে ফেলা হয়েছে। আরও একটি বড় ডাল কেটে ফেলার জন্য শ্রমিকেরা কাজ করছেন।
জেসমিন মিয়ার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে বশীর আহমেদ দাবি করেন, গাছের ডালপালা নড়বড় হয়ে গেছে। ঝড়ে যেকোনো সময় ডালপালা ভেঙে গাছটির নিচে থাকা দোকানের ওপর পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তাই দুর্ঘটনা রোধে প্রশাসনের অনুমতি নিয়েই গাছের ডালপালা কাটা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, শতবর্ষী এ বটগাছটি বা এর ডালপালা কেটে ফেলার জন্য আমি লিখিতভাবে কাউকে কোনো অনুমতি দিইনি। যারাই এর সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।