ধরমপাশায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধকে কেন্দ্র করে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ী গ্রামে গতকাল শুক্রবার সকালে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে ছয়জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বালিজুড়ী গ্রামের জালাল উদ্দিন ও একই গ্রামের শান্তু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমির সীমানা নির্ধারণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল সকালে বালিজুড়ী গ্রামের সামনে বালিজুড়ী কান্দা হাওরের জমিতে কাজ করতে যান জালাল মিয়া। এ সময় শান্তু মিয়া তাঁকে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় দুপুরে জালাল মিয়া, আবদুল কাদির, মোশারফ মিয়া, রফিক মিয়া, জিয়া রহমান ও পপি আক্তারকে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ প্রথম আলোকে জানান, জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোনো পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।