ধরমপাশায় মেলার নামে অশ্লীল নাচ, জুয়ার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা সদরে মেলার নামে গত সোমবার রাতে শুরু হয়েছে অশ্লীল নাচ ও জুয়ার আসর। আয়োজকেরা প্রশাসনের কাছে মেলার জন্য অনুমতি চাইলেও গতকাল মঙ্গলবার পর্যন্ত তা দেওয়া হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কান্দাপাড়া গ্রামের মাঠে তিনটি প্যান্ডেল করা হয়েছে। এর মধ্যে দুটি প্যান্ডেলে সোমবার সারা রাত ধরে ‘হাউজি বাম্পার’, ‘ওয়ান-টেন’, ‘চরকা’ নামক জুয়া খেলা হয়েছে। অপর একটি প্যান্ডেলে যাত্রার নামে চলেছে অশ্লীল নাচ। ১৫ দিনব্যাপী এ মেলা চলবে বলে জানা গেছে।
সামনে এসএসসি ও সমমান পরীক্ষা। তাই এলাকার শিক্ষার্থী ও অভিভাবকেরা এই মেলা আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় জনতা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য সাইফুর রহমান বলেন, ‘এটা তো মেলা না, ভাই। অশ্লীল নাচ আর জুয়ার আসর। সামনে এসএসসি পরীক্ষা। এগুলো বন্ধে এলাকায় মিছিল হবে। এ জন্য মাইকিং করা হচ্ছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ‘পঙ্গু ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে তহবিল সংগ্রহ করতে গ্রামীণ বাণিজ্য মেলা ও মুক্তিযুদ্ধবিষয়ক নাটক’ আয়োজনের অনুমতি চেয়ে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। গতকাল পর্যন্ত তারা অনুমতি পায়নি। তবে অনুমতির অপেক্ষা না করে সোমবার রাত থেকেই উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মাঠে মেলা শুরু করে দিয়েছে তারা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রুহুল আমীন তালুকদার বলেছেন, ‘মেলা এখনো শুরু হয়নি। সোমবার রাতে রিহার্সেল হইছে।’ অনুমতির বিষয়ে তিনি বলেন, ‘লিখিত কোনো কাগজ পাইনি। অনুমতি পাওয়ার পর এমপি সাহেবকে দিয়ে মেলার উদ্বোধন করানো হবে।’
ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা বলেন, ‘সোমবার রাতে মাঠে লাইট জ্বালানো হয়েছে বলে জেনেছি। জুয়া বা অশ্লীল নাচের বিষয়ে কিছু জানি না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম গতকাল বলেন, ‘আমরা আবেদনটি জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছি। সেখান থেকে অনুমতিসংক্রান্ত কোনো কাগজ আমার কাছে আসেনি।’