ধরমপাশায় শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় মারুফা আক্তার নামের এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার পুলিশ তাঁর স্বামী ও ভাশুরকে গ্রেপ্তার করেছে।
নিহত মারুফা আক্তার (১৯) ধরমপাশা উপজেলার কামাউড়া গ্রামের সোহেল মিয়ার (২২) স্ত্রী। গতকাল সকালে পুলিশ স্বামীর বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী, মধ্যনগর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে কামাউড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে সোহেল মিয়ার সঙ্গে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের মো. হাফিজুল ইসলামের মেয়ে মারুফা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক অভাব-অনটনের কারণেই প্রায়ই তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হতো। এর জের ধরে গত বুধবার বিকেল চারটার দিকে আবারও দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সোহেল তাঁর স্ত্রী মারুফা আক্তারকে মারধর করে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
পরে নিজেদের রক্ষা করতে সোহেল ও তাঁর বড় ভাই জুয়েল মিয়া এলাকার মানুষের কাছে মারুফা হৃদ্রোগে মারা গেছেন বলে প্রচার চালান। বুধবার রাতে সোহেলের শ্বশুরবাড়ির লোকজনকেও বিষয়টি জানান জুয়েল মিয়া। খবর পেয়ে মারুফার বাবা ও স্বজনেরা রাত ১০টার দিকে কামাউড়া গ্রামে সোহেলের বাড়িতে এসে মেয়ের বাঁ গালে ও গলায় আঘাতের চিহ্ন দেখতে পান। গতকাল সকাল ১০টার দিকে থানায় গিয়ে মারুফার বাবা বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানান। বেলা একটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারুফার লাশ উদ্ধার করে এবং দুইটার দিকে সোহেল মিয়া ও জুয়েল মিয়াকে সেখান থেকে আটক করা হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, এ ঘটনায় মারুফার বাবা হাফিজুল ইসলাম গতকাল সন্ধ্যায় জামাতা সোহেল ও তাঁর বড় ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।