ধরমপাশায় সংঘর্ষ আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর বাজারে গত শুক্রবার উপজেলা বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে মুমূর্ষু অবস্থায় হারিছ মিয়া (৩৭) ও রোকন মিয়াকে (৩৮) ওই দিন রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিক চৌধুরী ও উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মোতালিব খানের মধ্যে দলীয় বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সন্ধ্যায় জনতা উচ্চবিদ্যালয় মাঠে মোতালিব খান-সমর্থিত ছাত্রদল কর্মী ফারুক আহমেদকে মারধর করেন রফিক চৌধুরী-সমর্থিত ছাত্রদলের কর্মী মজনু মিয়া ও তাঁর সহযোগীরা। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় সদর বাজারের পাঁচ থেকে সাতটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ধরমপাশা থানার ওসি আশেক সুজা মামুন বলেন, ‘এ ঘটনায় দুই পক্ষের কারও কোনো লিখিত অভিযোগ পাইনি।’