ধরমপাশায় সড়কে ডাকাতি, ১১ লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের গলুইখালী গ্রামের সামনের সড়কে ট্রাকের সামনে ব্লক ফেলে গত রোববার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা ট্রাকে থাকা লোকজনকে মারধর করে প্রায় ১১ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
ডাকাত দলের কবলে পড়া লোকজন, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ঢাকার কারওয়ান বাজার থেকে একটি ট্রাকে মাছ নিয়ে যাওয়ার জন্য স্থানীয় মৎস্য ব্যবসায়ীসহ পাঁচজন ধরমপাশার মধ্যনগর বাজারের উদ্দেশে রওনা হন। পথে ধরমপাশার গলুইখালী গ্রামের সামনের সড়কে ছয়-সাতটি ব্লক ফেলে রেখে ১৫-২০ জন ডাকাত সড়কের দুই পাশে ওত পেতে থাকে। রাত সোয়া আটটার দিকে ট্রাকটি সেখানে এসে থামতেই ডাকাতেরা লাঠি, রামদা ও শাবল দিয়ে ট্রাকটি ভাঙচুর করে।
এ সময় তারা ট্রাকের চালক বাপ্পী মিয়া, আড়তদার শহীদুল ইসলাম ও ব্যবসায়ী এনামুল হককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তাঁদের ব্যাগে থাকা ১০ লাখ ৯১ হাজার ৯৩০ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই ডাকাতেরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে রাতেই ঘটনাস্থল থেকে একটি রামদা উদ্ধার করে।
ট্রাকচালক বাপ্পী মিয়া বলেন, ডাকাতেরা ট্রাকের চাবিটিও নিয়ে গেছে। মধ্যনগর থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, এ ডাকাতির ঘটনায় ট্রাকের মালিক মো. গাজী রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা করেছেন। ঘটনার তদন্ত চলছে।