ধরমপাশায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার সেলবরষ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সিদ্দিক মিয়াকে গত শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার ও ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ওই ছাত্রী নিজ বাড়ির পেছনের মাঠে আরও পাঁচ-ছয়জন সহপাঠীর সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় নানা প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে অদূরে ঝোপের ভেতরে নিয়ে যান সিদ্দিক মিয়া (৫৫)। একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন সিদ্দিক। সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে লোকজন সেখানে গেলে তিনি দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় মেয়েটির বাবা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ রাত নয়টার দিকে সিদ্দিককে গ্রেপ্তার করে।
সিদ্দিক মিয়া অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ‘ওই পরিবারটির সঙ্গে দীর্ঘদিন ধরে জমির সীমানা নির্ধারণসহ নানা বিষয় নিয়ে আমার বিরোধ চলছে। আমাকে ফাঁসাতেই এ ধরনের মিথ্যা নাটক সাজানো হয়েছে।’