ধরমপাশার ইউরিয়া কালোবাজারে!
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জন্য বরাদ্দ দেওয়া ইউরিয়া সার কারখানা থেকে তুলে চারজন ডিলার কালোবাজারে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ওই ডিলাররা সার কালোবাজারে বিক্রি করার অভিযোগ অস্বীকার করেছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত অর্থবছরের ২৪ জুন ধরমপাশা উপজেলার কৃষকদের কাছে বিক্রির জন্য ২০০ টন ইউরিয়া বরাদ্দ দেওয়া হয়। উপজেলার ১০ জন ডিলারের এই সার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা থেকে তুলে গুদামজাত করে বিক্রি করার কথা। মেসার্স ভাই ভাই ট্রেডার্স ৭০, মেসার্স মায়া ট্রেডার্স ৭১, মেসার্স আরেফীন এন্টারপ্রাইজ ১০, আলহেরা এন্টারপ্রাইজ সাত, মেসার্স বৈশাখী এন্টারপ্রাইজ দুই, রাজশ্রী এন্টারপ্রাইজ দুই, রাকিব এন্টারপ্রাইজ ১২, হোসেন অ্যান্ড ব্রাদার্স সাত, আনোয়ার এন্টারপ্রাইজ ১২ ও আদনান এন্টারপ্রাইজের নামে সাত টন ইউরিয়া বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ জনের মধ্যে চারজন ডিলার আশুগঞ্জ সার কারখানা থেকে ইউরিয়া সার তুলে গুদামজাত করেছেন। বাকি ছয়জন ডিলারকে দ্রুত সার তুলে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আগমনী বার্তা জমা দেওয়ার জন্য গত ১৯ জুলাই ও ১০ আগস্ট উপজেলা কৃষি কর্মকর্তা চিঠি দিয়েছেন। ডিলারদের কারখানা থেকে সার তুলে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে তা নিজের গুদামে মজুত করার কথা।
আশুগঞ্জ সার কারখানা সূত্রে জানা গেছে, মেসার্স ভাই ভাই ট্রেডার্স গত ২০ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে ৭০ টন, মেসার্স মায়া ট্রেডার্স গত ১৯ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে ৭১ টন, রাকিব এন্টারপ্রাইজ ২৫ জুলাই ১২ টন ও আলহেরা এন্টারপ্রাইজের ২৪ জুলাই সাত টন ইউরিয়া কারখানা থেকে তুলে নিয়েছে। মেসার্স বৈশাখী ও রাজশ্রী এন্টারপ্রাইজ কারখানা থেকে সার তুলেছেন কি না, তা জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সার ডিলার অভিযোগ করেন, তাঁরা কারখানা থেকে সার তুলে গুদামজাত করলেও ওই চারজন ডিলার তা করেননি। ওই চার ডিলার কারখানা থেকে সার তোলার সঙ্গে সঙ্গে সেখানে পরিবহনকাজে নিয়োজিত একটি চক্রের মাধ্যমে বেশি লাভে কালোবাজারে বিক্রি করে দিয়েছেন ।
কালোবাজারে সার বিক্রির অভিযোগ অস্বীকার করে ভাই ভাই ট্রেডার্সের মালিক সাকের হোসেন বলেন, পরিবহনজনিত সমস্যায় সার এত দিন নিয়ে আসা হয়নি। মেসার্স মায়া ট্রেডার্সের মালিক মন্তোষ চন্দ্র দে বলেন, ‘এ বিষয়ে আমি কিছইু জানি না।’ মেসার্স রাকিব এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম বলেন, ‘সার কারখানা বেশ কিছুদিন বন্ধ থাকাসহ পরিবহনজনিত সমস্যায় তা আনা হয়নি। মেসার্স আলহেরা এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর আলম বলেন, ‘অল্প পরিমাণে সার বরাদ্দ পাওয়ায় তা এখনো উত্তোলন করিনি।’
জেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, সার নিয়ে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।