ধরমপাশার জলমহাল শুকিয়ে মাছ শিকারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় আইন লঙ্ঘন করে শ্যালো ইঞ্জিন দিয়ে কাইঞ্জা গ্রুপ ফিশারি জলমহাল সেচে মাছ ধরা হচ্ছে। কয়েক দিন ধরে ওই জলমহালের ইজারাদার এভাবে মাছ ধরছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা প্রশাসন, এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের অধীন উপজেলার কাইঞ্জা গ্রুপ ফিশারি জলমহালটি বাংলা ১৪২২ থেকে ১৪২৭ সন পর্যন্ত বার্ষিক ১ লাখ ৭৬ হাজার টাকায় ইজারা নেন কাইঞ্জা বাসুদ্দার ডোয়ার ও কুড়সীকোনার কোড় মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। ইজারার নীতিমালা অনুযায়ী জলমহালের তলা শুকিয়ে মাছ শিকার সম্পূর্ণভাবে বেআইনি। কিন্তু এই আইনের তোয়াক্কা না করেই সেখানে মাছ শিকার করা হয়েছে।
এলাকাবাসী অভিযোগ, গত শনিবার সকাল থেকে ওই জলমহালে সাতটি শ্যালো ইঞ্জিন বসিয়ে ইজারাদারের নির্দেশে তাঁর নিয়োজিত লোকজন জলমহাল শুকিয়ে মাছ শিকার শুরু করেন। বুধবার সকাল ১০টার দিকে মাছ ধরা শেষ হয়। বিষয়টি এলাকাবাসী একাধিকবার জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তাকে জানালেও তিনি ওই জলমহালের ইজারাদারের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি।
জলমহালের ইজারাদার তানভীর আহমেদ দাবি করেন, ‘আমার বিরুদ্ধে জলমহাল শুকিয়ে মাছ শিকারের অভিযোগটি সঠিক নয়। কে বা কারা এই জলমহাল শুকিয়ে মাছ শিকার করেছে, সে সম্পর্কে আমি কিছুই জানি না।’
সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম দাবি করেন, ‘ইজারাদারের কাছ থেকে আমি কোনো আর্থিক সুবিধা নিইনি। এই জলমহালের তলা শুকিয়ে মাছ শিকারের সত্যতা পাওয়া গেছে। এ নিয়ে বিধিমোতাবেক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’