ধরমপাশার সেই বিদ্যালয়ের ছাত্র হামলায় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার গাছতলা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গতকাল মঙ্গলবার পিটিয়ে আহত করেছে একই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
এদিকে ওই বিদ্যালয়ে গত সোমবার হামলার ঘটনা নিয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির গতকালের সভা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার নিজামপুর গ্রামের মনির মিয়া (২০) ও কামরুল ইসলামের (১৮) নেতৃত্বে ১০-১২ জন বিদ্যালয়ে হামলা চালায় এবং শিক্ষার্থীদের মারধর করে। এ সময় হামলাকারীরা বিদ্যালয়ের উত্তর পাশের দ্বিতল ভবনের একটি কক্ষের কাচও ভাঙচুর করে। হামলায় বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আহত হয়। এ ঘটনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য গতকাল বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সভা আহ্বান করে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির টাকা বিতরণ করায় এবং সভায় শিক্ষকেরা উপস্থিত থাকতে না পারায় কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তবে সভায় বিদ্যালয়টিতে আজ বুধবার ও কাল বৃহস্পতিবারের জন্য দুই দিনের ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক লিয়াকত আলী সিদ্দিকী বলেন, এখানকার পরিস্থিতি এখন থমথমে রয়েছে। দুদিনের ছুটির সিদ্ধান্তের বিষয়টি শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা দুইটায় পুনরায় সভা ডাকা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে হামলায় আহত হয়েছে ওই বিদ্যালয়েরই নবম শ্রেণির ছাত্র উজ্জল মিয়া। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো জয়েছে। গাছতলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী সিদ্দিকী বলেন, ওই শিক্ষার্থীর বাড়ি উপজেলার নিজামপুর গ্রামে। মঙ্গলবার বেলা ১১টায় সে বিদ্যালয় প্রাঙ্গণে আসে। গত সোমবারের হামলার ঘটনায় ওই ছাত্র নিজামপুর গ্রামের পক্ষ নিয়েছিল মনে করে কতিপয় শিক্ষার্থী তার ওপর হামলা চালিয়েছে।