ধরমপাশায় অবৈধ কাঠ জব্দ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা প্রায় চার লাখ টাকা মূল্যের কাঠ জব্দ করেছেন। উপজেলার বংশীকুণ্ডা (উত্তর) ইউনিয়নের জামালপুর গ্রাম থেকে বিকেল সাড়ে চারটার দিতে এই কাঠ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মোহাম্মদ ইমরুল হাসানের নেতৃত্বে জামালপুর গ্রামে ওই অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় গ্রামের গণি মিয়ার বাড়ির পেছন থেকে এবং আশ্রাফ আলীর বাড়ি পাশে একটি ডোবা থেকে বিভিন্ন জাতের ১৮০ সিএফটি কাঠ জব্দ করা হয়। অভিযান পরিচালনার সময় জেলা প্রশাসনের নির্বাহী হাকিম অঞ্জন দাস এবং জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এ কে এম জহুরুল হক উপস্থিত ছিলেন।
নির্বাহী হাকিম ইমরুল হাসান বলেন, এসব কাঠ ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে। জব্দ করা কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জড়িত কাউকে আটক করা যায়নি।