ধরমপাশায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামে এক গৃহবধূ (২৫) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যবসায়ীকে গত সোমবার গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকাবাসী, থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পাশের জামালগঞ্জ উপজেলার সুখদেবপুর গ্রামের এক মাছ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ধরমপাশা উপজেলার ওই গ্রামে এসে মাছ কিনে ব্যবসা চালিয়ে আসছেন। গত বৃহস্পতিবার বেলা একটার দিকে তিনি এক ব্যক্তির বাড়িতে ঢোকেন। এ সময় ওই ব্যক্তি বাড়িতে ছিলেন না। কাজ শেষ করে ওই ব্যক্তি বাড়ি ফিরে তাঁর স্ত্রীকে ওই ব্যবসায়ীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে তাঁকে জাপটে ধরেন। কিন্তু তিনি (ব্যবসায়ী) নিজেকে ছাড়িয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান।
এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী গত সোমবার রাতে ধরমপাশা থানায় ওই মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মামলা করেন।