ধরমপাশায় গৃহবধূকে মারধর করে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মারধর করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার গড়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম হালিমা আক্তার ওরফে বিউটি (২২)। তিনি উপজেলার গড়াকাটা গ্রামের সাদেক মিয়ার স্ত্রী। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মধ্যনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী, মধ্যনগর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে গড়াকাটা গ্রামের চান মিয়ার ছেলে সাদেক মিয়ার সঙ্গে পাশের সাউদপাড়া গ্রামের বুলবুল মিয়ার মেয়ে হালিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের বছরখানেক পর থেকেই সাদেক মিয়া ও তাঁর পরিবারের লোকজন বাবার কাছ থেকে টাকা আনার জন্য হালিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। নিরুপায় হয়ে হালিমা তাঁর বাবার কাছ থেকে বেশ কয়েকবার টাকা এনে দিয়েছেন।
গত শনিবার সন্ধ্যায় আবারও কিছু টাকা নিয়ে আসার জন্য হালিমাকে চাপ দেন সাদেক মিয়া ও তাঁর পরিবারের লোকজন। কিন্তু টাকা এনে দিতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করেন সাদেক মিয়া। গত রোববার বিকেল চারটার দিকে এ নিয়ে আবারও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তাঁকে তাঁর স্বামী ও স্বামীর পরিবারের লোকজন মারধর করেন। এতে তিনি মারা যান।
নিজেদের রক্ষা করতে সাদেক মিয়া ও তাঁর পরিবারের লোকজন হালিমার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার চালান। পরে খবর পেয়ে হালিমার মা ও বাবা গতকাল সোমবার সকালে বিষয়টি মৌখিকভাবে মধ্যনগর থানার পুলিশকে জানান।
এ বিষয়ে সাদেক মিয়া ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
হালিমার লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, ওই গৃহবধূর শরীরের দুটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’