ধরমপাশায় গ্রাম পুলিশকে মারধরের ঘটনায় মামলা
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় সড়ক কেটে মাছ ধরতে বাধা দেওয়ার ঘটনায় গ্রাম পুলিশের এক সদস্য ও তাঁর পরিবারের লোকজনকে মারধরের অভিযোগে মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার গ্রাম পুলিশের সদস্য কুতুব আলী বাদী হয়ে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সদস্য রোকন মিয়াসহ ছয়জনকে আসামি করে থানায় একটি মামলা করেন।
এলাকাবাসী, থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের গাজীনগর গ্রামের পেছনের গ্রামীণ সড়কের প্রায় ৩০ ফুট জায়গা কেটে ২ নভেম্বর থেকে রোকন মিয়ার নেতৃত্বে তাঁর লোকজন সেখানে চাঁই পেতে মাছ শিকার করে আসছেন। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরীকে জানানো হলে তাঁর নির্দেশে কুতুব আলী গত শনিবার সকালে মাছ শিকারে বাধা দেন। কিন্তু তাঁরা তা শোনেননি। গত মঙ্গলবার রাত আটটার দিকে ওই সড়কে পেতে রাখা ১২টি চাঁই সেখান থেকে তুলে নিয়ে ইউপির একটি কক্ষে রেখে দেন কুতুব আলী। এতে ক্ষিপ্ত হয়ে রোকন মিয়ার নেতৃত্বে পাঁচ-ছয়জন ব্যক্তি গত বুধবার সকালে সাতটার দিকে ইউপির একটি কক্ষে থাকা কুতুব আলী, তাঁর স্ত্রী ও ছেলেকে কিলঘুষি মেরে আহত করেন।
ধরমপাশা থানার এসআই অনির্বাণ বিশ্বাস বলেন, গ্রাম পুলিশ ও তাঁর পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় রোকন মিয়াসহ ছয়জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।